ভোটে জিতে প্রথম ঝালদা পুরসভা দখল নিতে যাচ্ছে তৃণমূল

সাথী দাস, পুরুলিয়া, ২ মার্চ: বিজয়ী নির্দল প্রার্থীর যোগদানের পরই ১২ ওয়ার্ড বিশিষ্ট ঝালদা পৌরসভার দখল নিতে যাচ্ছে তৃণমূল। আর এর ফলে কংগ্রেসকে টেক্কা দিয়ে কার্যত সংখ্যাগরিষ্ঠতার পথে তৃণমূল।

এদিন ঝালদা পৌরসভার ফলাফল ঘোষণার পরই তৃণমূলে যোগদান করলেন ঝালদা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জয়ী নির্দল প্রার্থী শীলা চ্যাটার্জি। সবুজ আবির উড়িয়ে বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতোর হাত ধরে তৃণমূলে যোগদান করলেন তিনি।

রাজ্যের ১০৮ টি পৌরসভার ফলাফল ঘোষণা হল আজ। পুরুলিয়া জেলার তিন পৌরসভায় আশানুরূপ ফল করতে পেরেছে তৃণমূল। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পুরুলিয়া পৌরসভা এবং রঘুনাথপুর পৌরসভা দখল করে তৃণমূল। অন্যদিকে প্রান্তিক ১২ ওয়ার্ড বিশিষ্ট ঝালদা পৌরসভায় তৃণমূল পায় ৫ টি ওয়ার্ড, কংগ্রেস পায় ৫ টি ওয়ার্ড এবং ২ টি ওয়ার্ডে জয়লাভ করেন নির্দল প্রার্থীরা। কংগ্রেস এবং তৃণমূল সমান সমান ওয়ার্ড ঝালদা পৌরসভার পৌরবোর্ড কে দখল করবে তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এরপরই ৩ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী শীলা চ্যাটার্জি তৃণমূলে যোগদান করলে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে শাসকদল।

অন্যদিকে, সদ্য বহিস্কৃত তৃণমূল নেতা তথা ঝালদা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জয়ী নির্দল প্রার্থী সোমনাথ কর্মকার বাইরে থেকে তৃণমূলকে সমর্থন করবে বলে জানিয়ে দেন। দল বহিস্কার পত্র তুলে নিলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি।

গোটা বিষয়টি নিয়ে পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া জানান, “ঝালদা পৌরসভায় ১ জন জয়ী নির্দল প্রার্থী তৃণমূলে যোগদান করায় পৌরবোর্ড দখল নেবে তৃণমূল। বাকি সিদ্ধান্ত দলীয় মতামত সাপেক্ষে নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *