আশিস মণ্ডল, সিউড়ি, ১৩ মার্চ: দুটি পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নতুন মুখ বসালো অনুব্রত মণ্ডল। তবে সিউড়ি, দুবরাজপুর এবং সাঁইথিয়ায় পুরনো মুখেই ভরসা রাখল বীরভূম জেলা তৃণমূল।
বীরভূম জেলায় সিউড়ি, দুবরাজপুর, সাঁইথিয়া, রামপুরহাট ও বোলপুর পুরসভায় নির্বাচন হয়েছিল। রামপুরহাট পুরসভায় এবার তিনজন প্রাক্তন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাদের সকলকে পিছনে ফেলে সম্ভব্য চেয়ারম্যানের দাবিদার হয়ে উঠলেন তৃণমূলের রামপুরহাট শহর সভাপতি সৌমেন ভকত। সম্ভব্য ভাইস চেয়ারম্যান ভাবা হয়েছে ১২ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত সুব্রত মাহারাকে।বোলপুর পুরসভায় সম্ভব্য চেয়ারম্যান করা হল পর্ণা ঘোষকে। তিনি বছর খানেক ধরে প্রশাসকের দায়িত্ব সামলেছিলেন। সম্ভব্য ভাইস চেয়ারম্যান করা হয় অনুব্রত ঘনিষ্ঠ অমর শেখকে। তবে সাঁইথিয়া পুরসভায় পুনরায় বিপ্লব দত্তকে চেয়ারম্যান এবং কাজি কামাল হাসানকে ভাইস চেয়ারম্যান পদে দল আস্থা রেখেছে বলে দলীয় সূত্রে খবর।
দুবরাজপুর পুরসভায় পাঁচবারের জন্য চেয়ারম্যান হতে চলেছেন পীযূষ পাণ্ডে। ভাইস চেয়ারম্যান সেই মির্জা সৈকত আলি। একইভাবে সিউড়ি পুরসভায় চেয়ারম্যান পদে অঞ্জন কর এবং ভাইস চেয়ারম্যান পদে বিদ্যাসাগর সাউয়ে আস্থা রেখেছে দল।

