আমাদের ভারত, ২৫ সেপ্টেম্বর: কুড়মিদের খেপিয়ে তুলেছে তৃণমূল কংগ্রেস। কারণ জঙ্গলমহলে তাদের পায়ের তলার মাটি সরে গেছে। কুড়মি আন্দোলনকে কেন্দ্র করে তৃণমূল সরকারের ভূমিকা প্রসঙ্গে এমনটাই বললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ বলেন, যে রাজ্যে এই ধরনের অবরোধ হয় সেখানে রাজ্য সরকারের দায় রাস্তা খোলা রাখার। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কথা বলা দরকার। কিন্তু তারা এক্ষেত্রে তেমন কিছুই করেনি। আসলে জঙ্গলমহলে তৃণমূল যেতে শুরু করেছে। তাই কুড়মীদের খেপিয়ে দিয়ে নিজেদের মাটি শক্ত করার চেষ্টা করছে তারা।
রবিবার মেদিনীপুর শহরে একাধিক কর্মসূচিতে যোগ দেন মেদিনীপুরের সাংসদ। মেদিনীপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ডে সেই কর্মসূচির পর সাংবাদিকদের সামনে বর্তমান পরিস্থিতি নিয়ে একাধিক মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। সরকারি বাস পরিষেবার ক্ষেত্রে অস্থায়ী কর্মীদের অবস্থান-বিক্ষোভ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, পরিবহন ব্যবস্থা স্বাভাবিক করতে হবে কিন্তু এই ধরনের সমস্যা শুধুমাত্র পরিবহন ক্ষেত্রেই নয় প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে তৈরি হয়েছে সব দিক থেকে ব্যর্থ রাজ্য প্রশাসন তাই জটিলতা তৈরি হয়েছে।
সম্প্রতি বিজেপির একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি নবান্ন অভিযানের বিষয়ে রিপোর্ট তৈরি করেছে। সে প্রসঙ্গে তিনি বলেন, যারা এই তদন্তে এসেছিলেন তারা প্রত্যেকেই আইপিএস আইএস অফিসার ছিলেন। তারা জানেন এইসব ক্ষেত্রে কোথায় কাজে ত্রুটি রয়েছে। তারা এই তদন্ত করে রিপোর্ট দিয়েছে। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে কিভাবে হিংসাত্মক করা হয়েছে তার রাজ্যের মানুষ দেখেছে। কোথাও কিছু ঝামেলা হয়ে থাকে সেটা ওদের প্ররোচনাতেই হয়েছে।
সাম্প্রতিক মালদায় তৃণমূল জেলা সভাপতি বিজেপির নেতা কর্মীদের উদ্দেশ্যে মন্তব্য করেছিলেন কেউ বাঁশ দেখালে পা কেটে নেব। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ এদিন বলেন, আপনে ঘর মে কুত্তা শের হোতা হে। অর্থাৎ নিজের এলাকায় সবাই বড় বীর। লোকসভা নির্বাচনের পর এরা সব বড় বড় গর্তে ঢুকে গিয়েছিল, সময় আসলে মানুষ এগুলোর জবাব দেবে।

