মানুষের গণতন্ত্রের অধিকার হরণ করেছে তৃণমূল: অধীর চৌধুরী

আশিস মণ্ডল, বীরভূম, ২০ ফেব্রুয়ারি: “তৃণমূল সরকার মানুষের গণতন্ত্রের অধিকার হরণ করেছে। গায়ের জোরে পঞ্চায়েত দখল করে লুটেপুটে খাচ্ছে”। শনিবার বীরভূমের লোহাপুরে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন সভা শুরুর আগে এলাকায় একটি যৌথ মিছিল হয়। মিছিলে অধীরবাবুর ছাড়াও পা মেলান হাঁসন কেন্দ্রের বিধায়ক মিল্টন রশিদ ও বাম নেতৃত্ব। সভায় রাজ্যের তৃণমূল এবং কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে অধীরবাবু বলেন, “ভোটের মুখে রাজ্য সরকার মানুষকে বোকা বানাতে প্রলোভন দিচ্ছে। মুখে গণতন্ত্রের বুলি আওড়াচ্ছে। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের সময় কোথায় ছিল গণতন্ত্র? উন্নয়ন বাহিনীর নামে রাস্তায় আগেয়াস্ত্র, বোমা হাতে মানুষের গণতন্ত্রকে হরণ করা হয়েছিল। সেদিন কোথায় ছিল গণতন্ত্র। মানুষ অত্যাচার, লুঠের জবাব দেবে এবার”।

কৃষি আইনের প্রতিবাদে আন্দোলনের ফলে দেশে গণবন্টন ব্যবস্থা ভেঙে পড়বে বলে দাবি করেন লোকসভার বিরোধী দলনেতা। প্রধানমন্ত্রীর দাড়ি রাখা নিয়ে কটাক্ষ করে অধীরবাবু বলেন, “দাড়ি রেখে রবীন্দ্রনাথ সাজা হচ্ছে। আমি লোকসভায় বলেছি শুধু রবীন্দ্রনাথ সাজলে হবে না। রবীন্দ্রনাথের আদর্শ থেকে শিক্ষা নিতে হবে। বাংলার কৃষ্টি, সংস্কৃতি ভালোভাবে বুঝতে হবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *