Subhash Sarkar, BJP, Bankura, তৃণমূল ইচ্ছাকৃতভাবে এসআইআর- এর কাজে বাধা দিচ্ছে: ডাঃ সুভাষ সরকার

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৪ জানুয়ারি: তৃণমূল ইচ্ছাকৃত ভাবে এসআইআর- এর কাজে বাধা দিচ্ছে। এসআইআর- এর ৭নম্বর ফর্ম আটক বেআইনি বলে মন্তব্য করলেন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। গতকাল যে সমস্ত ৭ নম্বর ফর্ম পুলিশ আটকে রেখেছে তা ফেরৎ না পেলে আদালতের দ্বারস্থ হবো। আজ জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করে তিনি বলেন, তৃণমূল ইচ্ছাকৃতভাবে সুষ্ঠু নির্বাচন তালিকা বা এসআইআর- এর কাজ করতে বাধা দিচ্ছে। তাদের এই চক্রান্ত ভেস্তে দিয়েছে আদালত।

উল্লেখ্য, গতকাল খাতড়ায় এসআইআর- এর ফর্ম জমা দিতে যাওয়ার সময় বিজেপি বিএলও টু’দের আটক করে গাড়ি সহ সমস্ত ফর্ম পুলিশ নিয়ে নেয়। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে তুমুল আলোড়ন সৃষ্টি হয়। এসআইআর- এর বিরোধিতায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা তুলে ধরেন সাংবাদিকদের কাছে।

এদিকেআজ আটক তিন বিজেপির দায়িত্ব প্রাপ্ত কর্মীকে খাতড়া আদালতে পেশ করা হলে আদালত তাদের মুক্তি দেয়। সুভাষবাবু বলেন, কারো নাম বাদ দেওয়ার অধিকার শুধুমাত্র নির্বাচন কমিশনের।সাত নম্বর ফর্মে আপত্তি জানানো যায়। নির্বাচন কমিশন সেই আপত্তি যাচাই করার পর যথাযথ পদক্ষেপ করবে। তিনি বলেন, পুলিশ যে সমস্ত ফর্ম নিজেদের হেফাজতে রেখেছে আমরা তা ফেরত না পেলে আদালতের দ্বারস্থ হবো।

অপরদিকে জেলা তৃণমূলের সভাপতি ও তৃণমূল নেত্রী জোৎস্না মান্ডি গতকাল সাংবাদিকদের জানান যে, কয়েক হাজার ফর্ম বিজেপি জমা করেছিল। এত বেশি সংখ্যক ফর্ম তারা পেল কোথা থেকে? আমাদের কর্মীদের সন্দেহ হওয়ায় তারা গাড়িটিকে আটক করে পুলিশে খবর দেয়। এই ঘটনায় নির্বাচন কমিশনও জড়িত বলে মন্তব্য করেন জোৎস্না মান্ডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *