সুশান্ত ঘোষ, বনগাঁ, ১৭ ফেব্রুয়ারি: ব্যানার ফেস্টুন ছিঁড়ে ড্রেনে ফেল দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ১০ নম্বর ওয়ার্ডে। বিজেপির অভিযোগ, এর আগে আমাদের প্রার্থীকে মারধর করে ব্যানার লাগাতে বাধা দিয়েছিল তৃণমূল আশ্রিত গুন্ডারা। এবার ফের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ড্রেনে ফেলে দিয়েছে।
স্থানীয় সূত্রের খবর, দিপ্তেন্দু বিকাশ বৈরাগী গত পৌর নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে লড়াই করে জয়ী হয়েছিলেন। কিন্তু বনগাঁ পৌরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনতে গিয়ে বিজেপিতে যোগ দেন। সেই থেকে বিজেপির হয়ে এলাকায় সংগঠন তৈরি করেন দিপ্তেন্দুবাবু। এবারের ১০ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে এসে বারবার তৃণমূল কর্মীদের কাছে নিগৃহ হচ্ছেন তিনি, বলে অভিযোগ। তাঁর কথায়, পুলিশ তৃণমূলের কথায় চলছে। ইতিমধ্যেই ১০ নং ওয়ার্ডে একে অপরের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে।

এবিষয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণা রায় সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের কোনও কর্মী এমন কাজ করতে পারে না। এটা ওদের নিজেদের লোকজন করছে। অন্যদিকে বিজেপি প্রার্থী দীপ্তেন্দু বিকাশ বৈরাগী বলেন, প্রতিদিন আমাদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে দিচ্ছে তৃণমূল আশ্রিত গুন্ডারা। কিছুদিন আগে তৃণমূলের দুষ্কৃতীরা আমকে ব্যানার লাগাতে বাধা দিয়ে মারধর করে। ফের বুধবার গভীর রাতে প্রচুর ব্যানার ছিঁড়ে ফেলে দেয় তারা।


