স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১১ জুলাই: এবার কলকাতায় ইস্কনের রথ যাত্রায় রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন নুসরত জাহান। বিরোধী দলনেতার শুভেন্দুবাবুর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে চটি পরে রথের দড়ি টেনেছেন। তিনি বলেন, রথের দড়িতে চটি পরে হাত দেওয়া যায় না। রথের মেলায় সব ধর্মের লোক আসবে কিন্তু রথের দড়িতে হাত দিতে পারবে একমাত্র হিন্দু সনাতনীরা।
এরপর তিনি মমতাকে কটাক্ষ করে বলেন, উনি হিন্দু হয়ে সরস্বতী পুজোর মন্ত্র ভুল উচ্চারণ করেন। এই পার্টিটা সনাতন হিন্দু ধর্মের বিরোধিতা করার পার্টি। এই পার্টিটাই শিবলিঙ্গকে অপমান করেছিল। শুভেন্দুবাবু আরো বলেন, নূপুর শর্মা ইস্যুতে নদিয়ার বিভিন্ন জায়গায় হিন্দু সনাতনীদের উপর আক্রমণ করেছে এই তৃণমূলই। এরপর তিনি বলেন, খুব শীঘ্রই শ্রাবণ মাস আসছে। ৫০০০০ বিজেপি কর্মী কাঁধে বাঁক নিয়ে এবার তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাবে। কোথাও কিছু ঘটনা ঘটলে তার পাল্টা জবাব দেবে বিজেপি কর্মীরা। আজ নদিয়ার কৃষ্ণনগরে এসে মঞ্চ থেকে শাসকদলকে এইভাবেই তিনি হুঁশিয়ারি দেন। এছাড়াও তিনি হাওড়ার পাঁচলায় এবং উলুবেরিয়ায় যে তান্ডব চলছে তাতে তিনি রাজ্য সরকারকেই দায়ী করেন।

