পুরুলিয়ায় সোশ্যাল মিডিয়ার ভরসা বাড়াল তৃণমূল

সাথী দাস, পুরুলিয়া, ১৪ সেপ্টেম্বর: উৎসবে দলের প্রচারের সঙ্গে বিরোধীদের জবাব দেবে তৃণমূলের সোশ্যাল মিডিয়া। আর তাই, উৎসবের আগে দলের সোশ্যাল মিডিয়াকে চাঙ্গা করতে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। কার্যত বিরোধীদের অপপ্রচার রুখতেই তৃণমূলের সোশ্যাল মিডিয়ার কর্মশালা। তৃণমূল সরকারের উন্নয়ন ও বিরোধীদের অপপ্রচারের জবাব দিতেই তৃণমূলের সোশ্যাল মিডিয়া উৎসবের সময়কে কাজে লাগাবে বলে জানা গেছে।

আজকের সভার পৌরহিত্য করা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, “পুজোর আবহ থেকেই আমরা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার ও সাফল্য ছড়িয়ে দেব। সেই কারণে জেলার সর্বত্র সোশ্যাল মিডিয়ার সৈনিকদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হয়।”

নির্বাচন তো বটেই দৈনন্দিন রাজনীতিতেও সোশ্যাল মিডিয়া এখন বিশেষ গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়ার ‘অপব্যবহার’ নিয়ে বারবার বিতর্কও হয়েছে রাজ্যে। পঞ্চায়েত ভোটের আগে এই মাধ্যমকে পরিকল্পিতভাবে ব্যবহারের লক্ষ্যেই দলীয় কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে তৃণমূল। সারা দেশের মতো এ রাজ্যেও দলীয় প্রচারে সোশ্যাল মিডিয়ার ব্যবহার ক্রমশ বাড়ছে। বিরোধী হিসাবে রাজ্য বিজেপি বহুদিন থেকেই এই মাধ্যম ব্যবহার করছে। একইভাবে বিভিন্ন স্তরে ফেসবুক, টুইটার ও হোয়াটস অ্যাপ গ্রুপে দল ও সরকারের পক্ষে প্রচার শুরু করেছে তৃণমূলও। পঞ্চায়েত ভোটের আগে ছড়িয়ে ছিটিয়ে থাকা দলের সেই সব পেজ ও গ্রুপগুলিকে সংহত করে একই সুরে বাঁধতে চাইছে শাসক দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *