গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১৯ জানুয়ারি: নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল হুগলি জেলার গোঘাট-১ ও গোঘাট-২নং ব্লক। সোমবার এসআইআর-এর বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে আয়োজিত হয় এক আক্রমণাত্মক ও বিশাল প্রতিবাদ মিছিল, যা গোটা এলাকায় কার্যত রাজনৈতিক ঝড় তোলে।
এদিন গোঘাট-১ ও ২ ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী ও সমর্থকরা দলে দলে মিছিলে শামিল হন। হাতে দলীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তাঁরা এসআইআর বাতিলের দাবিতে স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন গোঘাটের রাজপথ। মিছিলটি গোঘাট ও কামারপুকুরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে বিডিও অফিসের সামনে এসে জমায়েত হয় এবং সেখানে বিক্ষোভ দেখায়।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এসআইআর-এর আড়ালে পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। বহু বৈধ ভোটারের নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলে দাবি করেন দলীয় নেতৃত্ব। তাঁদের অভিযোগ, বিজেপির সঙ্গে আঁতাত করে নির্বাচন কমিশন এই প্রক্রিয়া চালাচ্ছে, যার লক্ষ্য একটাই—গরিব, সংখ্যালঘু ও প্রান্তিক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। এই প্রক্রিয়াকে তারা সরাসরি গণতন্ত্র হত্যার নীলনকশা বলে আখ্যা দেন।
মিছিলে উপস্থিত তৃণমূল নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনও চক্রান্ত আমরা মেনে নেব না। এসআইআর-এর নামে যেভাবে মানুষকে লাইনে দাঁড় করিয়ে অপমান করা হচ্ছে তা বিজেপির রাজনৈতিক নির্দেশেই হচ্ছে। এই গণতন্ত্র-বিরোধী ষড়যন্ত্র রুখতে আমরা রাজপথ ছাড়ব না।”
পরিস্থিতি সামাল দিতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। যদিও কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।তৃণমূলের তরফে জানানো হয়, এসআইআর বাতিল না হলে আন্দোলন আরও তীব্র ও বিস্তৃত হবে। সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষায় রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

