আগামী লোকসভা নির্বাচনে আদিবাসী ভোট পেতে ডেবরা ব্লক আদিবাসী ঐক্য মঞ্চ নামে নতুন সংগঠন তৃণমূলের

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ সেপ্টেম্বর: আগামী লোকসভা নির্বাচনে আদিবাসী ভোট পাওয়ার জন্য আজ ডেবরা বিধানসভা এলাকার রাধামোহোনপুর ১১/২ অঞ্চলে ডেবরা ব্লক আদিবাসী ঐক্য মঞ্চ নামে একটি নতুন সংগঠন তৈরি করল তৃণমূল। এই বিধানসভার মোট ভোটারের ২৪ শতাংশ আদিবাসী। লোকসভা নির্বাচনে এই ২৪ শতাংশ ভোট পেতে এখন থেকেই ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। আদিবাসীদের পাঁচটি সংগঠন ছিল এই বিধানসভা এলাকায়। ফলে নিজেদের মধ্যেই কাদা ছোড়াছুড়ি ছিল। সেজন্য দাবি দাওয়া আদায় করা বা শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে পারেনি। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ এই পাঁচটি আলাদা সংগঠনকে একত্রিত করে আদিবাসীদের ঐক্যমঞ্চ  নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে।

তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক অলোক আচার্য, শিক্ষক নেতা মিলন পড়িয়ার নেতৃত্বে রাধামোহনপুরে একটি বেসরকারি লজে পাঁচটি আদিবাসী সম্প্রদায়কে নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে নুতন কমিটি তৈরি করা হয়েছে। এই সংগঠন আগামী দিনে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সামিল হয়ে সংগঠনকে শক্তিশালী করবে। আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন ডেবরা চকে আদিবাসীদের নিয়ে একটি মহামিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *