সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২০ মার্চ: কাটমানির সরকার খেলতে নেমে ভয় পেয়ে প্লেয়ার বদলাছে। আমরা তৃণমূলের এই খেলা শেষ করব। প্রচারে নেমে এমন কথাই বললেন উত্তর ২৪ পরগনার অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী। তিনি বলেন, রাজ্য সরকার গত ১০ বছর ধরে গোটা রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান নিয়ে খেলেছে। তাঁদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে। আবারও বলছেন খেলা হবে। এবার তৃণমূলের এই খেলা শেষ করবে ভারতীয় জনতা পার্টি। খেলা নয়, কর্মসংস্থান আর শিল্পের উন্নয়ন করে সোনার বাংলা গড়বে বিজেপি।

শনিবার কালীমন্দিরে পুজো দিয়ে অশোকনগরের বিভিন্ন এলাকায় বাইকে চড়ে মিছিল করে জনসংযোগ করেন অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী। অশোকনগরে অনেক আগে তৃণমূলের পক্ষ থেকে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। প্রচারে নেমে পড়েছিল তৃণমূল। যদিও শুক্রবার অশোকনগরের তৃণমূল প্রার্থী ধীমান রায়কে বদল করে জেলার পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামীকে প্রার্থী করেছে তৃণমূল। বিজেপি প্রার্থী অশোকনগরের ভূমিকন্যা তনুজা চক্রবর্তী। বিজেপি প্রার্থীর নাম ঘোষণা দেরিতে হলেও ভোট প্রচারে পিছিয়ে নেই বলে দাবি করেন বিজেপি কর্মী-সমর্থকরা। এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ বিজেপি।
শনিবার সকাল থেকে অশোকনগর কেন্দ্রে কখনও বাইকে চেপে কখনও হেঁটে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে প্রচার সারেন তনুজাদেবী। প্রথমদিনের প্রচারে তৃণমূলকে আক্রমণ শানালেন তিনি। তিনি বলেন, খেলতে নেমে প্রতিদিন প্লেয়ার বদল করবে তৃণমূল। কারণ বিজেপিকে ভয় পাচ্ছে, আর সেই কারণেই বিজেপি কর্মীদের আঘাত করছেন। শুধু অশোকনগরে নয় গোটা রাজ্যে তৃণমূলের দুষ্কৃতীরা যে ভাবে আমাদের মা বোনেদের উপর আক্রমণ চালিয়েছে তার জবাব অশোকনগরের মানুষ মানুষ দেবেন।

