নির্দল সরাতে খড়্গপুরে জহর পালকে ১৪ ঘণ্টা সময় দিল তৃণমূল 

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ ফেব্রুয়ারি: নির্দল কাঁটা সরাতে খড়্গপুরের প্রবীণ তৃণমূল নেতা জহর পালকে ১৪ ঘণ্টা সময় দিল দল। জহরবাবুকে চরম হুঁশিয়ারি দিয়ে জানানো হলো, দলনেত্রীর নির্দেশ অনুযায়ী গোঁজ প্রার্থী তুলে না নিলে দল থেকে চিরতরে বহিষ্কার করা হবে।

উল্লেখ্য, খড়্গপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের প্রবীণ তৃণমূল নেতা জহর পাল দলের প্রার্থী হলেও ৩৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী কবিতা দেবনাথের বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়েছেন তার বৌমা জয়া পাল। বৌমার প্রার্থীপদ প্রত্যাহারের জন্য দলের পক্ষ থেকে আগে থেকে হুঁশিয়ারি দেওয়া হলেও তার পরিবার তা গ্রাহ্য করেনি। ফলে দলের জেলা নেতৃত্ব জহরবাবুর প্রতি ক্ষুব্ধ হন এবং ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

মঙ্গলবার মেদিনীপুরের প্রচার মঞ্চে আইএনটিটিইউসি’র সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায় এবং মন্ত্রী মানস ভুঁইঞাকে পাশে রেখে দলের জেলা কো-অর্ডিনেটর তথা বিধায়ক অজিত মাইতি স্পষ্ট করে জানান, যারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী দিয়েছেন তাদের বিরুদ্ধে বুধবারের মধ্যে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। এজন্য বুধবার বেলা এগারটার মধ্যে নির্দল প্রার্থী তুলে নিতে হবে। না হলে দল থেকে তাদের বহিষ্কার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *