তৃণমূলের খেলা শেষ, এবার উন্নয়ন শুরু: মোদী

শ্রীরূপা চক্রবর্তী, আমাদের ভারত, কলকাতা, ৭ মার্চ: আজ বিজেপির ব্রিগেড মঞ্চ থেকে মোদী তৃণমূল কংগ্রেসের “খেলা হবে” স্লোগানের পাল্টা দিয়ে বলে গেলেন “তৃণমূলের খেলা এবার শেষ, এবার বিজেপি সরকারের নেতৃত্বে পশ্চিমবঙ্গে উন্নয়ন হবে।” একই সঙ্গে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন সত্যি তৃণমূল কংগ্রেস খুব ভালো অভিজ্ঞ খেলোয়াড়। এরা মানুষের বিশ্বাস ও ভরসা নিয়ে খেলা করছে। তাই এবারের নির্বাচনে তাদের খেলা খতম হবে। এখানে এবার শুধু উন্নয়ন হবে।

খেলা হবে স্লোগান তুলে বিধানসভা নির্বাচনের ময়দানে নেমেছে রাজ্যের শাসকদল। তাদের অভিযোগ বিজেপি খেলতে চাইছে‌। তাই তৃণমূলও খেলবে, লড়বে ও জিতবে। এই কথা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার বলছেন। আজ সেই স্লোগানকে চ্যালেঞ্জ জানিয়ে ব্রিগেড মঞ্চ থেকে মোদীর হুঙ্কার তৃণমূলের খেলা খতম। এবার রাজ্যে উন্নয়ন শুরু।

মোদী দুর্নীতি, তোলাবাজি, তোষণের রাজনীতি, বহিরাগত ইস্যু থেকে শুরু করে একাধিক বিষয়ে তৃণমূল, বাম ও কংগ্রেসকে তুলোধুনো করেন। একই সঙ্গে তিনি বিজেপি ক্ষমতায় এলে প্রতি বাঙালির স্বপ্নকে বাস্তবে পরিণত করতে একনিষ্ঠ ভাবে পরিশ্রম করবেন বলেও প্রতিশ্রুতি দেন।

মোদী বলেন, বাংলায় এবার আসল পরিবর্তন হবে। সেই বাংলা সোনার বাংলা হবে। এখানে ২১ শতকের উন্নত পরিকাঠামো তৈরি হবে, বিনিয়োগ হবে, গরিব মানুষ এগোনোর সুযোগ পাবে, সবার সমান অধিকার থাকবে। তুষ্টিকরণ নয় বিজেপি উন্নয়নের মন্ত্রে দীক্ষিত হয়ে কাজ করবে বাংলায় বলে প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *