অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৪ সেপ্টেম্বর:
কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনেও গোষ্ঠীদ্বন্দ্ব চাপা রইলো না। দু’পক্ষই শক্তি দেখাতে একই ব্লকে দুটো মিছিল করল। একপক্ষ হলো তৃণমূলের বর্তমান ব্লক সভাপতি শংকর প্রসাদ হাঁসদা অপর জন হলেন ব্লকের কার্যকরী সভাপতি হেমন্ত ঘোষ।
কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। একই দিনে একই ব্লকে শাসক দলের দুই মিছিল। দুটি মিছিলই হয় কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে ও বাংলার অর্থ বাংলাকে দিতে হবে এই দাবিতে। সোমবার ঠিক এমনই চিত্র দেখা গেল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১নং ব্লকে। এদিন গোপীবল্লভপুরের তৃণমূল কার্যকরী সভাপতি হেমন্ত ঘোষের নেতৃত্বে এক মিছিল হয় ফানিয়ামারা থেকে ছাতিনাশোল ব্লক অফিস পর্যন্ত প্রায় ২ কিমি। অপরদিকে তৃণমূলের ব্লক সভাপতির নেতৃত্বে হাতিবাড়ি মোড়ের দলীয় কার্যালয় থেকে গোপীবল্লভপুর বাসস্ট্যান্ড পর্যন্ত হয় আর একটি মিছিল।

কার্যকরী সভাপতির মিছিল শেষে ছাতিনাশোলে এক পথ সভাও হয়। এই সভায় বিজেপির মহিলা মোর্চার জেলা সাধারণ সম্পাদক সোনালী ওঝা সহ ৫০০ জন কর্মী যোগদান করেন তৃণমূলে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূলের জেলা সভাপতি দুলাল মুর্মু। উপস্থিতিতে ছিলেন কিষাণ ক্ষেত মজুরের সভাপতি গৌতম বারিক, ছাত্রনেতা লোকেশ কর।

অন্যদিকে গোপীবল্লভপুরের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, গোপীবল্লভপুর ১নং ব্লকের ব্লক সভাপতি শঙ্কর প্রসাদ হাঁসদা, গোপীবল্লভপুর ৫নং অঞ্চলের সভাপতি শুভেন্দু দাস সহ অন্যান্য কর্মীরা। সভা শেষে এবিষয়ে নিয়ে জেলা সভাপতি দুলাল মুর্মু কে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে গিয়ে বলেন, “গোপীবল্লভপুর ১নং ব্লকে আরও একটি মিছিল হয়েছে এবিষয় নিয়ে আমার জানা নেই। আমাদের দলের তো একটা সিস্টেম আছে! যদি এরকম ঘটনা হয়ে থাকে আমি জেনে আপনাদের পরে জানাবো।”

