আশিস মণ্ডল, বীরভূম, ১২ ফেব্রুয়ারি: অনুব্রত মণ্ডল বিহীন বীরভূমে ফের তৃণমূলের গোষ্ঠী প্রকাশ্যে এল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, সপ্তাহে একদিন করতে হবে কোর কমিটির বৈঠক। কিন্তু সেই নির্দেশ মানা হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া কোর কমিটির নতুন সদস্য নানুরের কাজল শেখ। তার অভিযোগ, জেল থেকেই অনুব্রত মণ্ডলের নির্দেশে দল চলছে। এমনটাই তাকে জানিয়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী। যদিও কাজল শেখের অভিযোগের গুরুত্ব দিতে চাননি বিকাশ রায় চৌধুরী।
শনিবার বীরভূম জেলা তৃণমূলের প্রধান দলীয় কার্যালয়ে বীরভূম তৃণমূলের জেলা কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকে কোর কমিটির আসনে জায়গা হয়নি কাজল শেখের। ফলে মাঝপথে বৈঠক ছেড়ে বেরিয়ে যান কাজল শেখ।
কাজল শেখের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা সফরে এসে সাত সদস্যের একটি কোর কমিটি গঠন করে দিয়েছেন। সপ্তাহে একদিন করে জেলার সাংগঠনিক দিক থেকে কোর কমিটির বৈঠক করার নির্দেশ দিয়ে যান দলনেত্রী। কাজলের দাবি, কোর কমিটি কোনো বৈঠক করছে না। এমনকি কাজলের কোর কমিটিতে জায়গা হওয়াটা অনুব্রত ঘনিষ্ঠ অন্যান্য কোর কমিটির সদস্যরা মেনে নিতে পারছেন না। পাশাপাশি কাজলের আরো দাবি, অনুব্রত জেল থেকে বসে যা নির্দেশ দিচ্ছেন সেটাই কার্যকর করছে অনুব্রত ঘনিষ্ঠ কোর কমিটির সদস্যরা। এমনটাই তাকে জানিয়েছেন, সিউড়ির তৃণমূল বিধায়ক তথা কোর কমিটির সদস্য বিকাশ রায় চৌধুরী।
কাজল শেখ বলেন, “আমি সামনের চেয়ারে বসার জন্য দল করছি না। আমার বিধায়ক হওয়ার বাসনা নেই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে নেশায় দল করছি। মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন সপ্তাহে একদিন করে কোর কমিটির বৈঠক করতে হবে। কিন্তু এখন সেই বৈঠক হয়নি। তাছাড়া আমি জেলা কমিটির বৈঠকে বলতে চেয়েছিলাম কোর কমিটির সদস্যরা সপ্তাহে একদিন করে জেলা পার্টি অফিসে সময় দেক। কিন্তু সেই নির্দেশ গ্রাহ্য হয়নি।
বিকাশ রায় চৌধুরী বলেন, “কাজল কি বলেছে আমি জানি না। তবে অভিযোগ ঠিক নয়”।

