স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১৭ এপ্রিল:
ভোটের আগের রাতে আবারও উঠে এলো প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, যার জেরে এক তৃণমূল কর্মীকে লোহার রড দিয়ে মারধর তৃণমূলের অপর গোষ্ঠী। ঘটনাটি শান্তিপুর বিধানসভা এলাকার বড় গোস্বামী পাড়া এলাকায়।
অভিযোগ বাপন বিশ্বাস নামে ওই তৃণমূল কর্মী প্রতিদিনের মত কাজ করে রাতে বাড়িতে ফিরছিলেন, হঠাৎ তৃণমূলের বেশকিছু দুষ্কৃতি তাঁর উপরে চড়াও হয় এবং লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আবারো তাকে লোহার রড দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ।
ঘটনা জানাজানি হতেই শান্তিপুর বিধানসভা এলাকার এক তৃণমূল কর্মী ও নদিয়া রানাঘাট দক্ষিণের তৃণমূলের যুবর প্রাক্তন সহ-সভাপতি সৌমিক প্রামানিক ঘটনাস্থলে গিয়ে পৌঁছন ও ওই আক্রান্ত তৃণমূল কর্মীকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। জানা যায় ওই তৃণমূল কর্মীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।
এর আগেও শান্তিপুর বিধানসভা এলাকায় একাধিকবার তৃণমূলের গোষ্ঠী কোন্দল উঠে এসেছে। গতকাল একইভাবে আবারো প্রকাশ্যে গোষ্ঠী কোন্দলের জেরে আক্রান্ত হতে হলো এক তৃণমূল কর্মীকেই। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূলের প্রাক্তন যুবর সহ-সভাপতি সৌমিক প্রামানিক।

