শেষ মুহূর্তেও প্রার্থী নিয়ে উত্তর দিনাজপুরে তৃণমূলের গোষ্ঠীকোন্দল

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৫ জুন: ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। এবারে একেবারে পঞ্চায়েত নির্বাচনের দোরগোড়ায় উত্তর দিনাজপুর জেলা পরিষদের ১৮ নম্বর আসন নিয়ে রায়গঞ্জের বিধায়কের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির বিবাদ চরমে উঠেছে। যা নিয়ে রীতিমতো রাজনৈতিক চাপানোতোর শুরু হয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের অন্দরে।

রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর অভিযোগ, “জেলা পরিষদের ১৮ নম্বর আসন নিয়ে জেলা সভাপতি সাধারন কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন। তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটি ১৮ নম্বর জেলা পরিষদের আসনে প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছে নবনীতা দাস। কিন্তু জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ওই আসনে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন পুতুল ঝা সরকারকে।”

দুই নেতার পছন্দের দুই প্রার্থীকে ঘিরেই শুরু হয়েছে বিবাদ। কৃষ্ণ কল্যাণীর দাবি, তাকে রাজ্য নেতৃত্ব এবং আইপ্যাক নবনীতা দাসের নাম চূড়ান্ত বলে জানিয়ে দিয়েছেন। জেলা সভাপতি অন্য কারও নাম বললে সেটা কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়াবে বলে তিনি মনে করেন। অপর দিকে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল ফোনে জানিয়েছেন, “দ্বিতীয় নাম নিয়ে উচ্চ মহলে আলোচনা চলছে। রাজ্য নেতৃত্বের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করবো না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *