সাথী দাস, পুরুলিয়া, ২৫ ফেব্রুয়ারি: তৃণমূলের নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরুলিয়া শহরের ২১ নম্বর ওয়ার্ডে। গতকাল রাতে পুরুলিয়া সদর থানার পুলিশের নজরে আসতেই দ্রুত আগুন নিভিয়ে ফেলে।
পুরুলিয়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রবি শঙ্কর দাসের অভিযোগ, গতকাল রাতে কেউ বা কারা ওই ওয়ার্ডের চুনাভাটির ১৬৫-৬৬ বুথের ও কর্পূর বাগান এলাকার ১১৯-২০ বুথের তৃণমূল নির্বাচনী অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। তৃণমূল কর্মীরা জানান, আমরা শক্তিশালী, বিরোধীরা ভয় পেয়ে এই সব করছে।

এদিকে তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। স্থানীয় বিজেপি প্রার্থী গৌতম সহিস বলেন, “তৃণমূল এখানে ধরাশায়ী হবে। আমরা এই ধরনের রাজনীতিতে বিশ্বাসী নই। ওরা নিজেরাই আগুন লাগিয়ে ভোটারদের থেকে সহানুভূতি নেওয়ার চেষ্টা চালিয়েছে।”
ওই ওয়ার্ডের সিপিএম প্রার্থী মীরা রায় বলেন, “নিজেরাই আগুন লাগিয়ে চিৎকার করছে। বদ উদ্দেশ্যে ওরা ওটা করেছে।”
প্রসঙ্গত, এই ওয়ার্ডটি তপশিলি জাতি সংরক্ষিত রয়েছে। তৃণমূল, বিজেপি ছাড়াও সিপিএমের প্রাক্তন কাউন্সিলর মীরা রায় এবারও প্রার্থী হয়েছেন।

