আমাদের ভারত, ১১ ডিসেম্বর: তৃণমূল তাদের দেওয়া ইস্তেহার অনুযায়ী কাজ করে না। ওরা ইস্তেহারকে মান্যতা দেয় না। তৃণমূল সরকার কোনও কাজ ঠিক করে করেনি। কিন্তু পৌরনির্বাচনে বিজেপি প্রার্থীদের হুমকি দেওয়া শুরু করেছে তৃণমূল। কলকাতা পুরসভা নির্বাচন সঠিক ভাবে হলে বিজেপি জিতবে।” দক্ষিণেশ্বরে এসে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা।
এদিন স্বচ্ছতার কার্যক্রম অভিযানের কাজে দক্ষিণেশ্বরে আসেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। আগামী ১৩ ডিসেম্বর সোমবার মাননীয় প্রধানমন্ত্রী বেনারসে শিব মন্দিরের উদ্বোধন করবেন এবং তার আগে বিভিন্ন মন্দিরে স্বচ্ছতার কার্যক্রম শুরু করলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতৃত্ব। সেই কারণে এদিন দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে দক্ষিণেশ্বর মন্দিরের মূল গেটের সামনে ঝাঁট দিয়ে স্বচ্ছ ভারতের কার্যক্রম সম্পন্ন করলেন রাহুল সিনহা। এদিন তিনি দলীয় কর্মীদের নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে আসেন। সেখানে তিনি মন্দির ঘুরে দেখেন, পুজো দেন আর তারপর মন্দির প্রাঙ্গন ঝাঁট দেন।
এদিন কলকাতা পুরসভার নির্বাচন প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “এবার পুরনির্বাচন ঠিক ভাবে হলে বিজেপি জিতবে। তৃণমূলের এই বোর্ড কলকাতায় কোনও উন্নয়ন করেনি। বৃষ্টি কমে গেলেও এখনও কলকাতার বহু জায়গায় জল জমে আছে। ডেঙ্গুর প্রকোপ আবার বাড়ছে। ঠিক করে জঞ্জাল সাফাই হয় না। কোনও কাজ ঠিক করে হয় না বর্তমান পুরসভায়। সব জায়গায় একটা নৈরাজ্যের রাজনীতি করছে তৃণমূল। তাই তো আমাদের প্রচার করতে দেওয়া হচ্ছে না। আমাদের বিজেপি প্রার্থী দের হুমকি দেওয়া শুরু করে দিয়েছে। ওরা ভয় পেয়ে গেছে।” তিনি এদিন তৃণমূলকে কটাক্ষ করে আরও বলেন, তৃণমূল কোন দিন নিজেদের দেওয়া নির্বাচনী ইস্তেহার অনুযায়ী কাজ করে না। যে ইস্তেহার দেয় তার ধারে কাছেও যায় না এরা, তাই সেই মতন কোনও কাজও করে না এরা। ওদের ইস্তেহার দেওয়ার অর্থ হল মানুষকে বোকা বানানোর একটা চেষ্টা।”

