বসিরহাটে তৃণমূলের জেলা নেতার বাড়িতে রাতে দুষ্কৃতী হামলা, বোমাবাজি

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৪ মার্চ:
উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার ফুলবাড়ি এলাকায় চন্দন মুখোপাধ্যায় নামে এক তৃণমূল নেতার বাড়িতে বোমা বাজির ঘটনা। রাতে বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতিরা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। রাতেই পুলিশ পিকেট বসানো হয়।

জানাগেছে, উত্তর ২৪ পরগনা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক চন্দন মুখোপাধ্যায়ের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে মোটর বাইকে করে দুজন দুষ্কৃতী এসে বোমা বাজি করে বলে অভিযোগ। বাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়ে তারা বাইক নিয়ে পালিয়ে যায়। বোমা ফাটার শব্দে চন্দন মুখোপাধ্যায়ের পরিবার ও এলাকার লোককজন ঘটনাস্থলে ছুটে এসে আতঙ্কিত হয়ে পড়েন।

এই ঘটনায় চন্দনবাবুর পরিবার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে বসিরহাট থানার পুলিশ। রাতেই এলাকায় পুলিশ পিকেট বসানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। কে বা কারা এই হামলা চালালো তা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বয়ান রেকর্ড করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই ঘটনার জেরে ওই এলাকা থমথমে হয়ে রয়েছে। সকাল থেকে ভিড় জমেছে তৃণমূল নেতা চন্দন মুখোপাধ্যায়ের বাড়িতে।

রাতে যে সময় তার বাড়িতে বোমাবাজি হয়, সেই সময় বাড়িতে ছিলেন না তৃণমূল নেতা চন্দন মুখোপাধ্যায়। দলের কাজে কলকাতায় গিয়েছিলেন। চন্দনবাবুর মা অনিমা মুখোপাধ্যায় বলেন, হঠাৎ বিকট আওয়াজ, চারিদিকে আগুন দাউদাউ করে জ্বলছে দেখতে পাই। আমরা যে যার মত ঘর থেকে বেরিয়ে আতঙ্কিত হয়ে যাই। কারা করল এই ঘটনা পুলিশ তদন্ত করে দেখুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *