সাথী দাস, পুরুলিয়া, ৫ মার্চ: পুরুলিয়ায় দুই বিধায়ককে বাদ দিয়ে এবং চার নতুন মুখকে টিকিট দিল তৃণমূল কংগ্রেস। জয়পুর কেন্দ্রের প্রবীণ বিদায়ী বিধায়ক শক্তিপদ মাহাতো এবং রঘুনাথপুর কেন্দ্রের বিদায়ী বিধায়ক পূর্ণেন্দু বাউরিকে টিকিট দিল না তৃণমূল। তাঁদের বাদ দিয়ে ওই দুই কেন্দ্রে যথাক্রমে নবাগত উজ্জ্বল কুমার এবং হাজারী বাউরিকে দলের প্রার্থী করল ঘাসফুল শিবির। নিরাশ দুই বিদায়ী বিধায়কই কোনও প্রতিক্রিয়া দেননি। তবে, দলের প্রার্থীদের হয়ে প্রচারে নিজেদের ১০০ শতাংশ নিয়োজিত করবেন না তা অনুগামীদের কাছে জানান তাঁরা। তবে, ওই দুই কেন্দ্রের মধ্যে জয়পুরের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমার বিকেল থেকে ডিজের মিউজিকের সঙ্গে অনুগামীদের সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন। এদিকে রঘুনাথপুরে তৃণমূল প্রার্থী হাজারী বাউরি সবুজ আবিরে অনুগামীদের সঙ্গে মেতে ওঠেন।

পুরুলিয়ার চারটি নতুন মুখের মধ্যে উজ্জ্বল, হাজারী ছাড়াও পুরুলিয়া কেন্দ্রে সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, বাঘমুন্ডিতে জেলা যুব সভাপতি সুশান্ত মাহাতোকে প্রার্থী মনোনীত করেছে রাজ্যের শাসক দল। পুরুলিয়া জেলার দুই বিদায়ী মন্ত্রী শান্তিরাম মাহাতকে বলরামপুর কেন্দ্রে এবং সন্ধ্যারানী টুডুকে মানবাজার কেন্দ্রেই টিকিট দিয়েছে দল। এছাড়া বান্দোয়ান কেন্দ্রের রাজীব লোচন সরেন এবং কাশীপুর কেন্দ্রের স্বপন কুমার বেলথরিয়া এই দুই বিদায়ী বিধায়ককে টিকিট দিয়েছে তৃণমূল। ৯টি কেন্দ্রেই তৃণমূল প্রার্থীদের নিয়ে শোভাযাত্রা ও উল্লাস করতে দেখা গিয়েছে কর্মীদের।

এদিকে মনমতো প্রার্থী না হওয়ায় জয়পুর কেন্দ্রে গোষ্ঠী কোন্দল প্রকাশ হচ্ছে। ওই কেন্দ্রে ঘোষিত প্রার্থীর বিপক্ষে নির্দল প্রার্থী হয়ে দুই তৃণমূল নেতা ইতিমধ্যে মনোনয়ন পত্র তুলেছেন। স্থানীয় যুব তৃণমূলের ব্লক সভাপতি দিব্য জ্যোতি সিং দেও এবং প্রবীণ তৃণমূল নেতা কীর্তন মাহাতো প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন পত্র তুলেছেন। প্রায় প্রতিটি কেন্দ্রেই প্রার্থী নিয়ে বিক্ষোভ ভিতর থেকে প্রকাশ্যে আসতে শুরু করল।

