সাথী দাস, পুরুলিয়া, ১০ ফেব্রুয়ারি: মনোনয়নপত্র জমা দেওয়ার পর রাতারাতি প্রার্থী বদলের ঘটনায় পুরুলিয়ার তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিল। মনোনয়নপত্র জমা দেওয়ার পরেও দল প্রতীক না দেওয়ায় হতাশ হয়ে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা। পুরুলিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন সোমাশ্রী কিসপোট্টা। আজ সকালে তিনি জানতে পারেন দল তাকে দলের প্রতীক দেয়নি। এরপরে কান্নায় ভেঙে পড়েন তিনি। দলের নির্দেশেই তিনি প্রার্থী হয়েছিলেন। সেই মত দেওয়াল লিখনও করেছেন। অভিযোগ, এখন দলের নেতৃত্ব তার ফোন ধরছেন না। ওই ওয়ার্ডে তাঁর বদলে প্রার্থী করা হয় আশা গরাইকে।
একই ভাবে প্রার্থী বদল পুরুলিয়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডেও। স্ক্রুটনির সময় জানতে পারেন দলের প্রতীক দেওয়া হয়নি তাকে। অথচ দলের নির্দেশেই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন পুরুলিয়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ছায়া দাস। তিনি জেলার অন্যতম নেত্রী। দলের অপ্রত্যাশিত সিদ্ধান্তে চোখের জল ধরে রাখতে পারেননি তিনিও।

প্রসঙ্গত উল্লেখ্য, ৪ ফেব্রুয়ারি তৃণমূলের পুরুলিয়া জেলার পৌর নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হয়। গতকাল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। রাতারাতি ৪, ৭, ১৮, ১৯ এবং ২২ নম্বর ওয়ার্ডে প্রার্থী বদল করে তৃণমূল।
তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, “উপরের নির্দেশ মতো এই বদল করা হয়েছে। তবে, আরও আগেই ঘোষিত প্রার্থীদের জানালে ভালো হতো ।”

