আমাদের ভারত, ব্যারাকপুর, ১৪ মার্চ: ভরসন্ধ্যা বেলা পানিহাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্তকে গুলি করে খুন করল দুষ্কৃতিরা। এই হত্যার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল আগরপাড়া স্টেশন রোড অঞ্চলে।
সূত্রের খবর অনুযায়ী অনুপমবাবু রবিবার রাতে ওষুধের দোকান থেকে বেরোনোর পর এক দুষ্কৃতী খুব কাছ থেকে তার মাথায় গুলি করলে সঙ্গে সঙ্গে মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। জানগেছে, রবিবার অনুপমবাবু একটি কুকুর কিনেছিলেন। তার জন্যই ওষুধ কিনতে গিয়েছিলেন। সেই সময় অটোতে এসে ২ জন দুষ্কৃতী গুলি চালায় বলে প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন। গুলি চালানোর পর এলাকাবাসী ওই দুষ্কৃতীদের ধাওয়া করলে তারা দুইজন দুই দিক দিয়ে পালিয়ে যায়। খুব কাছ থেকে গুলি করার জন্য মৃত্যু হয় কাউন্সিলরের।
রক্তাক্ত অবস্থায় স্থানীয় দোকানদার ও বাসিন্দারা তাকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে বেলঘড়িয়া একটি বেসরকারি নার্সিংহোমে তাঁকে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে খড়দা থানার পাশাপাশি নিজে তদন্তের গতি প্রকৃতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান ব্যারাকপুরে পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তিনি ওই অঞ্চলে বিভিন্ন জায়গার, বিভিন্ন বাড়ির সিসিটিভি ফুটেজ দেখেন। সিসিটিভি ফুটেজে অনুপমবাবুর মৃত্যু কি ভাবে হয়েছে তা স্পষ্ট হয়ে যায়। সেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ।

ছবি: ঘটনাস্থলে স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, বিধায়ক পার্থ ভৌমিক, সুবোধ অধিকারী। ঘটনা জানাজানি হতেই প্রকৃত খুনিকে দ্রুত ধরার দাবিতে ও কাউন্সিলর খুনে ঘটনার প্রতিবাদে রাতে বিটিরোড অবরোধ করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তবে প্রকাশ্যে জনবহুল অঞ্চলে এই ধরনের খুনের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা।

