ব্যবসায়ীকে পেটাচ্ছেন তৃণমূল কাউন্সিলর, ভোটের মুখে ভিডিও ভাইরাল বালুরঘাটে

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৫ এপ্রিল: ভোটের মুখে বিদায়ী তৃণমূল কাউন্সিলরের হাতাহাতির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রতিবেশী ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে বালুরঘাট শহরের ৮ নং ওয়ার্ডের তৃণমূলের বিদায়ী কাউন্সিলর শঙ্কর দত্তের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যবসায়ী সুব্রত সাহা। ঘটনায় ৬ জনের বিরুদ্ধে শ্লীলতাহানি সহ মারধরের অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ীর স্ত্রী। যদিও সেখানে নাম নেই অভিযুক্ত ওই বিদায়ী কাউন্সিলরের।

জানাগেছে, শহরের ৮ নম্বর ওয়ার্ডের সুভাষ কর্ণার এলাকায় খাঁড়ির ধারে একটি গ্যারেজ ঘর করছিলেন ওই ব্যবসায়ী। নিজের জায়গাতেই ওই ঘরটি করছিলেন বলে দাবি ওই ব্যবসায়ীর। যা করতে বাধা দেয় ওই অভিযুক্ত কাউন্সিলর বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ করলেই তাকে মারধর করা হয়। ব্যবসায়ীকে বেধড়ক মারধরের ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ভোটের মুখে আলোড়ন পড়ে যায় শহরে। যদিও বিদায়ী কাউন্সিলর ওই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তার দাবি, সরকারি জায়গায় গ্যারেজ ঘর করতে বাধা দেয় স্থানীয় বাসিন্দারা। যা নিয়েই বিবাদ হয়েছে। উলটে এই ঘটনা নিয়ে ওই ব্যবসায়ীর বিরুদ্ধেই পালটা মারধরের অভিযোগ তুলেছেন ওই বিদায়ী কাউন্সিলর শঙ্কর দত্ত।

বিদায়ী কাউন্সিলর শঙ্কর দত্ত জানিয়েছেন, ওটা তাদের জায়গা নয়। জোর করে জায়গা দখল করে ঘর তৈরি হচ্ছিল। বাসিন্দারা যার প্রতিবাদ করেছেন। উলটে এই ঘটনায় তাকে গালিগালাজ সহ মারধর করা হয়েছে। তার গলার মালাও হারিয়ে গিয়েছে। ঘটনা নিয়ে তিনি কোনও লিখিত অভিযোগ করেননি।

আহত ব্যবসায়ী সুব্রত সাহা জানিয়েছেন, নিজের জায়গার সমস্ত কাগজপত্র রয়েছে তার কাছে। সেখানে ঘর তৈরি করার জন্য তাকে মারধর করেছে ওই কাউন্সিলর ও তার দলবল। সেই ভিডিও ভাইরাল হয়েছে।
দেখুন ভিডিও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *