বনগাঁয় গভীর রাতে এক ব্যবসায়ীর বাড়ি ঢুকে টাকা আদায়ের চেষ্টা ও গালিগালাজ, অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৩ ফেব্রুয়ারি: মধ্যরাতে এক ব্যবসায়ীর বাড়ি ঢুকে টাকা আদায়ের চেষ্টা। টাকা দিতে অস্বীকার করায় গালিগালাজ, খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার রামনগর রোড এলাকার। ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন ওই ব্যবসায়ী কালিদাস সাহা। এরপর পরিবারের পক্ষ থেকে বনগাঁ থানায় লিখিত অভিযোগ জানানো হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বনগাঁ পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, নাম নারায়ণ ঘোষ ওরফে নান্তু ঘোষ। তিনি তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি সভাপতি।

স্থানীয় সূত্রের খবর, বনগাঁর ব্যবসায়ী মন্টু সাহা ও কালিদাস দুই ভাই। গতকাল গভীর রাতে কাউন্সিলর নান্তু ঘোষ তার দলবল নিয়ে ওই ব্যবসায়ীর বাড়িতে ঢোকে। সকলেই মদপ্য অবস্থায় ছিল বলে অভিযোগ। কালিদাসবাবুকে সমনে পেয়ে তাকে ধাক্কা দিয়ে টাকা চায় নান্তু। টাকা দিতে অস্বীকার করায় তাকে ধাক্কা মেয়ে গালিগালাজ করে বলে অভিযোগ। বাড়ির সকলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি কালিদাস সাহার কলার চেপে ধরে তাকে প্রাণে মারার হুমকি দেয়। তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতির জন্য তাকে তাড়াতাড়ি কলকাতার অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

অভিযোগ অস্বীকার করে নান্তু ঘোষ বলেন, কালিবাবুর সঙ্গে দীর্ঘ ৪০ বছরের সম্পর্ক। ওই রাতে আমি বনগাঁয় ছিলাম না। কলকাতায় জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে গিয়েছিলাম। এতে বিজেপির মদত আছে বলে আমার মনে হচ্ছে।

জানা গিয়েছে, নান্তু ঘোষ এক সময় সিপিএম করতেন। তোলাবাজি, সমাজ বিরোধী কার্যকলাপ তার নতুন কিছু নয় বলে অভিযোগ। বেশ কয়েকবার জেলেও ছিলেন তিনি। বনগাঁর এক কংগ্রেস কাউন্সিলর তাপস মিত্রকে পুরিতে খুন করার অভিযোগে এক বছর জেলে ছিলেন। জেল থেকে বেরিয়ে ফের হেরোইন পাচারের অভিযোগে প্রায় আট মাস জেলে ছিলেন। অবশেষে ২০২১ -এ তৃণমূলের কাউন্সিলর নির্বাচিত হন। জয়ী হওয়ার পর দল তাঁকে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের আইএনটিটিইউসি সভাপতির পদ দেয়।

বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিত দাস বলেন, আমরা পুলিশকে বলেছি, ঘটনার তদন্ত করতে আইন আইনের মতো চলবে। অন্যদিকে বনগাঁ পৌরপ্রধান গোপাল শেঠের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *