গোষ্ঠীদ্বন্দ্বেই সমাপ্ত হবে তৃণমূল কংগ্রেস, কটাক্ষ সুকান্ত মজুমদারের

আমাদের ভারত,১৮ ফেব্রুয়ারি:গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার তৃণমূল কংগ্রেস। অবৈধভাবে রোজগারের আশায় দলের জনপ্রতিনিধি হবার জন্য তৃণমূলে কম্পিটিশন শুরু হয়েছে। এই প্রতিযোগিতায় সামিল দলের একাধিক নেতাদের অনুগামীরা। ফলে দলের গোষ্ঠীদ্বনন্দ্ব প্রতিদিন প্রকাশিত হচ্ছে। এই গোষ্ঠীদ্বন্দ্বই শেষ করবে তৃণমূলকে।
নবদ্বীপে পুরভোটের প্রচারে গিয়ে এভাবেই তৃণমূলকে বিঁধলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

শুক্রবার দুপুরে নদীয়ার নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন এলাকা থেকে এক পদযাত্রায় অংশগ্রহণ করেন সুকান্ত মজুমদার। পাশাপাশি নবদ্বীপ শহরের ২৪টি ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে প্রচারও চালান তিনি। সেখানে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দের প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি হওয়ার জন্য এখন চরম কম্পিটিশন। কারণ সবাই জানে তৃণমূল কংগ্রেসের একবার জনপ্রতিনিধি যদি হওয়া যায় তাহলে আগামী পাঁচ বছরের মধ্যে কোটি কোটি টাকা রোজগার করা যায় অবৈধভাবে। স্বাভাবিক ভাবেই তার জন্য কম্পিটিশন চলছে এবং তার জন্য তৃণমূল কংগ্রেসের ভেতরে অন্তর্দ্বন্দ্বও চলছে। কেউ পিসির লোক কেউ ভাইপোর লোক, কেউ মদনদার লোক, কেউ সৌগতদার লোক,‌ কেউ কুনালদার লোক। আগামী দিনে আপনারা দেখবেন যত সময় যাবে তত তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়বে। তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্বেই সমাপ্ত হবে।”

একই সঙ্গে তিনি বলেন, বর্তমানে পশ্চিমবঙ্গে মদ বিক্রির টাকায় রাজ্য চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষক থেকে শুরু করে সিভিক ভলান্টিয়ারদের মাসিক বেতন হচ্ছে মদ বিক্রির উপার্জিত অর্থে। একই সঙ্গে তিনি দাবি করেন, ২০২৪ সালে দিল্লির মসনদে নরেন্দ্র মোদীই আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *