প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা, ১২ এপ্রিল:
“তৃণমূল কংগ্রেস হচ্ছে পদ্ম ফুল তৈরির কারখানা, যে আজ জোড়া ফুলের কুড়ি সেই কাল বড় হয়ে পদ্ম ফুল হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনো বয়স হয়নি তাই উনি তৃণমূলে আছেন আর একটু বয়েস হলে উনিও দেখবেন পদ্ম ফুলে পরিণত হয়েছেন। যেমন মুকুল রায়, শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর এরা সবাই তৃণমূলে জোড়া ফুলের কুড়ি ছিল আর একটু বড় হতেই বিজেপিতে গিয়ে পদ্ম ফুল হয়ে গেছে। তাই আমাদের পদ্ম ফুল তৈরির কারখানাটাতে তালা দিয়ে দিতে হবে। ওরা জোড়া ফুল থেকে পদ্ম ফুল হবে আর আমরা মারপিট করে মরব? তাই আপনারা একটু ভেবে চিন্তে ভোট টা দিন।”
সংযুক্ত মোর্চার সমর্থিত আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জির নির্বাচনী প্রচারে এসে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের এভাবেই সমালোচনা করলেন আই এস এফ সুপ্রিমো আব্বাস সিদ্দিকী।
রবিবার সন্ধ্যায় অশোকনগর হরিপুর মাঠে জনসভায় আই এস এফ সুপ্রিমো আব্বাস সিদ্দিকী ছাড়াও উপস্থিতি ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, কংগ্রেস নেতা আব্দুল মান্নান সহ এলাকার এবং জেলার একাধিক নেতৃত্ব এবং অসংখ্য মানুষ।
আব্বাস সিদ্দিকি বলেন, “ভোট যেখানে গণতান্ত্রিক উৎসব সেখানে কেনো ভোট দিয়ে বাড়িতে লুকিয়ে বসে থাকতে হবে? কেনো গুলি খেতে হবে? আমরা ক্ষমতায় আসলে মানুষকে আনন্দের সাথে নির্ভয়ে ভোট দিতে দেওয়া হবে।”

