আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৯ মার্চ:
তৃণমূল কংগ্রেসের প্রার্থী বদল করা হল উত্তর ২৪ পরগনার অশোক নগর বিধানসভা কেন্দ্র এলাকায়। ওই কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক ধীমান রায়ের বদলে প্রার্থী করা হয়েছে নারায়ণ গোস্বামীকে।
নারায়ণ গোস্বামী দীর্ঘদিনের তৃণমূল কর্মী। তিনি জেলা পরিষদের পূর্ত বিভাগের কর্মধ্যক্ষ রয়েছেন। অশোক নগরের প্রাক্তন বিধায়ক ধীমান রায়কে নিয়ে দলের কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিল। কর্মীরা প্রার্থীকে নিয়ে সন্তুষ্ট ছিল না। দলের শীর্ষ নেতাদের কাছে কর্মীরা প্রার্থী বদলের আবেদন জানায়। শেষ পর্যন্ত উত্তর ২৪ পরগনার অশোক নগরে তৃণমূল প্রার্থী ধীমান রায়কে সরিয়ে নতুন প্রার্থী করা হল নারায়ন গোস্বামীকে।
নারায়ন গোস্বামী প্রার্থী হওয়ার খবর বারাসাত জেলা পরিষদ ভবনে এসে জানতে পারেন। তিনি সাংবাদিকদের বলেন, “আমি জেতার ব্যাপারে ১০০% আশাবাদী। দিদি আমাকে সুযোগ দিয়েছেন। আমি মানুষের পাশে দাঁড়িয়ে দলের একজন সর্বক্ষণের কর্মী হিসেবে অশোক নগরের নাগরিকদের পাশে থাকব।”
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চারটি কেন্দ্রের প্রার্থী বদল করা হয়েছে আজ সকালে। উত্তর ২৪ পরগণার অশোকনগর ছাড়া আমডাঙা, নদীয়ার কল্যাণী এবং বীরভূমের দুব্রাজপুর। সেই পরিপ্রেক্ষিতে অশোকনগরের প্রার্থী হলেন বারাসাতের কো-অর্ডিনেটর নারায়ন গোস্বামী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নারায়ন গোস্বামী বলেন, অশোকনগর হচ্ছে আমাদের জেতা জায়গা, অশোকনগরের মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছেন, সেই জন্য কোনো দুশ্চিন্তা হচ্ছে না। নারায়ণ গোস্বামী সাধারণ মানুষকে করজোরে আবেদন করেন, যাতে সকলে তাকে নির্বাচিত করে অশোক নগরের মানুষের জন্য কাজ করার সুযোগ দেন।

