আমাদের ভারত, হলদিয়া, ২২ মার্চ: দলীয় প্রার্থীর প্রচারে হলদিয়ায় বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির বাইক মিছিল। স্মৃতি ইরানি নিজে স্কুটি চালিয়ে বাইক মিছিলে অংশগ্রহণ করেন। আর স্মৃতি ইরানির এই স্কুটি চালানো নিয়ে তৃণমূলের অভিযোগ নির্বাচন কমিশনে। বিজেপির পাল্টা দাবি নির্বাচন কমিশনের নিয়ম মেনেই প্রচার হয়েছে।
হলদিয়া বিধানসভার বিজেপি প্রার্থী তাপসী মন্ডলের প্রচারে আজ হলদিয়ার টাউনশিপ থেকে সিটি সেন্টার পর্যন্ত বাইক মিছিল করে বিজেপির কর্মীরা। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি নিজে স্কুটি চালিয়ে সেই বাইক মিছিলে অংশ নেন। কেন্দ্রীয় মন্ত্রীর এই বাইক মিছিল নিয়ে তৃণমূল অভিযোগ করে নির্বাচন কমিশনে।
পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল মুখপাত্র তাপস মাইতির অভিযোগ, কোনও অনুমতি ছাড়াই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি টাউনশিপ থেকে সিটি সেন্টার পর্যন্ত প্রায় দেড়শ বাইক নিয়ে মিছিল করে। এই মিছিল নির্বাচন কমিশনের নিয়ম মেনে করা হয়নি। বিজেপি শান্ত হলদিয়াকে অশান্ত করার চেষ্টা করছে। তাই তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে।
যদিও বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ- সভাপতি তপন ব্যানার্জির দাবি নির্বাচন কমিশনের নিয়ম মেনেই স্মৃতি ইরানি মাথায় হেলমেট পরে নিজে স্কুটি মিছিলে অংশ গ্রহণ করেছে। আসলে তৃণমূল কোনও নিয়ম নীতি মানে না। নন্দীগ্রামে মমতা ব্যানার্জি পায়ে আঘাত পেয়ে সেটা বিজেপির উপর চাপানোর চেষ্টা করেছিল। নির্বাচন কমশিন তা নিয়ে মুখ্যমন্ত্রীকে ভৎর্সনা করেছে। সাধারণ মানুষ সব দেখছে এবারের ভোটে বাংলার মানুষ তার যোগ্য জবার দেবে।

