অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৫ জুলাই: পেট্রোল ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে এবার পথে শাসক দলের ছাত্র সংগঠন। ইতিমধ্যেই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়েছেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চড়া সুর শোনা গিয়েছে তাঁর গলায়। প্রায় প্রতিদিনই পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি হওয়ার কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। তবুও কেন্দ্রের কোনও হুঁশ নেই বলে সরব হচ্ছেন রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরাও।

এবার প্রতিবাদের পথে গোপীবল্লভপুর ১নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার গোপীবল্লভপুরের হাতিবাড়ি মোড় থেকে পেট্রল পাম্প পর্যন্ত মিছিলে করে। আন্দোলনকারীদের হাতে ছিল জ্বালানির মূল্যবৃদ্ধি সংক্রান্ত প্ল্যাকার্ড পোস্টার। মুখে কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান। এদিন এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি তথা বর্তমান ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সত্যরঞ্জন বারিক। তিনি বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধি ঠেকাতে প্রধানমন্ত্রী ও তাঁর সরকার ব্যর্থ। শুধু ঝাড়গ্রাম নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা তৃণমূল ছাত্র পরিষদ প্রতিবাদে সামিল হচ্ছি। অবিলম্বে জ্বালানির মূল্যবৃদ্ধি ঠেকানোর পথে কেন্দ্র না হাঁটলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামব আমরা।
‘আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ১নং ব্লক তৃণমূল সভাপতি দীপঙ্কর দে, অভিষেক দাস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা।

