গোপাল রায়, আমাদের ভারত, তারকেশ্বর, ১২ ফেব্রুয়ারি: আজ থেকে শুরু হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানাগেছে, এবছর রাজ্যজুড়ে প্রায় ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন পরীক্ষার্থী রাজ্যের ২,১০০টিরও বেশি কেন্দ্রে পরীক্ষায় বসছে। প্রতিদিন সকাল ১০:০০টা থেকে দুপুর ১:১৫টা পর্যন্ত এই পরীক্ষা চলবে। তবে ভোকেশনাল, ভিস্যুয়াল আর্টস এবং মিউজিক বিষয়ের পরীক্ষাগুলির সময় ২ ঘণ্টা অর্থাৎ সকাল ১০:০০ থেকে দুপুর ১২:০০ পর্যন্ত চলবে। সেই মতো এদিন তারকেশ্বর মহাবিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছাত্র- ছাত্রীদের হাতে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে দেওয়া হয় সম্বর্ধনা।

উপস্থিত ছিলেন তারকেশ্বর শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রিতা মন্ডল, স্থানীয় কাউন্সিলর অতসী দে, তারকেশ্বর ডিগ্রি কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ও তারকেশ্বর শহর তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তারা এদিন তারকেশ্বর মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে আগত ছাত্র-ছাত্রীদের হাতে ফুল ও পেন দিয়ে তাদের শুভেচ্ছা জানান।

