অমরজিৎ দে, ঝাড়গ্রাম,২৯ মার্চ: পাঁচ রাজ্যের বিধানসভা ভোট পেরোতে প্রায় প্রতিদিনই দাম বাড়ছে পেট্রোল ডিজেলের। পাশাপাশি কয়েকদিন আগে ৫০ টাকা বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের দাম, এই অভিযোগে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়াতে গোপীবল্লভপুর বাজারে মিছিল করলো তৃণমূল ছাত্র পরিষদ। এদিন তৃণমূল ছাত্র পরিষদের ঝাড়গ্ৰাম জেলা কমিটির প্রাক্তন সভাপতি সত্যরঞ্জন বারিক এবং বর্তমান জেলা কমিটির সহ সভাপতি সত্যবান দন্ডপাটের নেতৃত্বে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা গোপীবল্লভপুর বাজারে মিছিল করে কেন্দ্রের বিজেপি সরকারের এই জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদ করেন।
মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা অভিযোগ করেন, একে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য মানুষের প্রাণ ওষ্ঠাগত, তার উপর প্রায় প্রতিদিন কেন্দ্রীর সরকারের পক্ষ থেকে জ্বালানির দাম বৃদ্ধি করা হচ্ছে। আগামী দিনে জ্বালানির দাম কমানোর ব্যবস্থা না হলে বৃহত্তম আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তৃণমূলের ছাত্র নেতারা।

