পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৭ আগস্ট: কলকাতায় একুশের মঞ্চ কাঁপানো রাজন্যা হালদারের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে এবার রাস্তায় নামতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার বালুরঘাটের একটি দলীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই ইঙ্গিত রাজন্যা হালদারের।
তিনি বলেন, রুদ্রনীলবাবু বিজেপি নেতা হলেও আগে তিনি শিল্পী। একজন শিল্পীর ভাষা অত্যন্ত সংযত হওয়া প্রয়োজন। যে ভাষায় তিনি একজন মহিলাকে আক্রমণ করেছেন তা কখনোই একজন শিল্পীর ভাষা হতে পারে না। রুদ্রনীল ঘোষের এই ভাষার জন্য শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদই নয়, প্রত্যেকটা মা ও মেয়ের প্রতিবাদ হওয়া উচিত। প্রাথমিকভাবে এর বিরুদ্ধে তিনি একটি এফআইআরও করেছেন। এই ঘটনা নিয়ে প্রতিবাদে সোচ্চার হওয়া প্রয়োজন সকলেরই। তবে এনিয়ে তৃণমূল ছাত্র পরিষদ কিভাবে আন্দোলন করবে তার রূপরেখা ঠিক করবে দল।
জানাযায়, বালুরঘাটে তৃণমূল ছাত্র পরিষদের তরফে বেশ কয়েকদিন ধরে চলা ফুটবল লিগের এদিনই ছিল সমাপ্তি অনুষ্ঠান। যেখানে তৃণমূল ছাত্র পরিষদের একাধিক রাজ্য নেতৃত্বরা ছাড়াও উপস্থিত হয়েছিলেন কলকাতায় একুশের মঞ্চ কাঁপানো তৃণমূল ছাত্র পরিষদের সেই নতুন মুখ রাজন্যা হালদার। যার উপস্থিতিতেই দক্ষিণ দিনাজপুর তৃণমূল ছাত্র পরিষদ তাদের এই ফুটবল লিগ অনুষ্ঠান সমাপ্ত করে।
যেখানে রাজ্য নেতৃত্বরা ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অমরনাথ ঘোষ সহ অনান্য জেলা নেতৃত্বরা। যে খেলার মঞ্চ থেকেও এদিন রাজন্যা তৃণমূল ছাত্র পরিষদকে আরো শক্তিশালী করবার ডাক দিয়েছেন। তিনি বলেন, এই জেলায় প্রথম নয়, দ্বিতীয় বারের জন্য এসেছেন তিনি। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান সফল করতেই এই জেলায় আগমন তার।

