BJP, TMC, Suri, বিজেপি প্রার্থীকে আশীর্বাদ তৃণমূল প্রার্থীর খুড়শ্বশুরের

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২৯ মার্চ: বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করলেন তৃণমূল প্রার্থীর খুড়তুতো শ্বশুর। গলা ছেড়ে বললেন জয় শ্রীরাম। চাইলেন জঙ্গল রাজের অবসান। এই ভিডিও ছড়িয়ে পড়তেই অস্বস্তিতে তৃণমূল। তড়িঘড়ি সংবাদ মাধ্যমকে ডেকে খুড়তুতো শ্বশুরকে মানসিক ভারসাম্যহীনের তকমা সেঁটে দিল পরিবার। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি বিধানসভা এলাকায়।

এদিন রবিবাসরীয় প্রচারে বেড়িয়েছিলেন সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। সিউড়ি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে প্রচার সেরে জগন্নাথবাবু যান রাজনগর ব্লকের মুক্তিপুর গ্রাম। সেখানেই বাড়ি সিউড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের খুড়তুতো শ্বশুর প্রেমানন্দ বন্দ্যোপাধ্যায়ের। তিনি এদিন বিজেপি প্রার্থীকে গ্রামে প্রচার করতে দেখে বাড়ি থেকে বেরিয়ে আসেন। জগন্নাথবাবুর সামনে জয় শ্রীরাম ধ্বনি দেন। এরপরেই বিজেপি প্রার্থীর প্রশ্নে তিনি বলেন, “আমি তৃণমূল প্রার্থীর খুড়শ্বশুর”। তিনি বিজেপিকে চান বলে প্রার্থীকে আশীর্বাদ করেন। এই ভিডিও প্রকাশ্যে আসতেই তৃণমূলের মধ্যে অস্বস্তি শুরু হয়েছে।

উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, “বিজেপি কোথাও পয়সা দিয়ে, কোথাও শিখিয়ে এসব করছে। আমরা যদি শেখাতে শুরু করি তাহলে বিজেপি কোথাও প্রচার করতে পারবে না।“

জগন্নাথবাবু বলেন, “আমি অন্যদিনের মতো এদিনও প্রচারে বেড়িয়েছিলাম। আমাদের জয় শ্রীরাম ধ্বনি শুনে এক বৃদ্ধ বাড়ি থেকে বেরিয়ে আসেন। তিনিও দু’হাত তুলে জয় শ্রীরাম ধ্বনি দেন। এরপর জানান, তিনি তৃণমূল প্রার্থীর খুড়শ্বশুর। তিনি এই জঙ্গল রাজের অবসান চান। আমার জয়ের কামনা করে আশীর্বাদও করেন। এটাই আমার বড় প্রাপ্তি”।

যদিও কিচ্ছুক্ষণ পরেই প্রেমানন্দবাবুর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, উনি মানসিকভাবে অসুস্থ। প্রচুর টাকা নয়ছয় করেছেন। তাঁর চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *