বরানগরে বোম্বে থেকে ডিসকো ড্যান্সার ধরে এনে জেতা যাবে না, বললেন তৃণমূল প্রার্থী তাপস রায়

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৭ মার্চ : “বিজেপি বোম্বে থেকে ডিসকো ড্যান্সার ধরে এনেছে। তবে লাভ কিছু হবে না। আমাদের দল থেকে ৮৯ বছরের বৃদ্ধ ওদের দলে গেলে তাঁকে প্রার্থী করা হচ্ছে, অথচ অশতিপর বৃদ্ধ বলে আডবাণী জী বা মুরলী মনোহর যোশীজীকে বন্দিদশা কাটাতে হচ্ছে। ওরা এখন প্রার্থী খুঁজে পাচ্ছে না, তাই জোর করে একে ওকে প্রার্থী করছে।”– বললেন উত্তর ২৪ পরগনার বরানগরের তৃণমূল প্রার্থী তাপস রায়।

আজ বরানগরের ২৬ নম্বর ওয়ার্ডের গোপাললাল ঠাকুর রোডে প্রচার সারেন তাপসবাবু। তিনি বলেন, ”আসল কথা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ। এই বরানগর এলাকার প্রতিটি মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন। তারা বাম, অতি বাম, দক্ষিণপন্থী, এখন অতি দক্ষিণ পন্থীদেরও দেখছে। সুতরাং এই অঞ্চলের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ এই অঞ্চলের একজন মানুষও নেই যাকে স্পর্শ করেনি। ফলে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। আমি ঘুরে বুঝতে পারছি এবার ভালো সাড়া আছে, ২০১১ বা ২০১৬ ভোটের তুলনায় অনেক বেশি সাড়া আছে। মানুষ সিদ্ধান্ত নিয়ে বসে আছে।”

বরানগর পৌরসভার প্রাক্তন জনপ্রতিনিধি ও শতাধিক তৃণমূল কর্মীদের নিয়ে হেঁটে প্রচার করেন তাপস রায়। আমজনতার কাছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক প্রকল্প তুলে ধরে প্রচার করেন এবং তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানান। বরানগরের তৃণমূল প্রার্থী তাপস রায় নিজের জয় সম্পর্কে ১০০% নিশ্চিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *