পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: রবিবারের সকালেই নির্বাচনী প্রচারে জোর কদমে নেমে পড়লেন সুজয় হাজরা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত এই প্রচার কর্মসূচি শুরু হয় সকাল সাড়ে সাতটায় মেদিনীপুর শহরের বিধান নগর এলাকা থেকে।

প্রচারের শুরুতেই বিধান নগরের অলিগলি পায়ে হেঁটে পরিক্রমা করেন প্রার্থী। স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, তাদের সমস্যার কথা শোনা এবং আশীর্বাদ গ্রহণ, এই তিনকেই গুরুত্ব দেন তিনি। এদিনের এই কর্মসূচির আয়োজন করেন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌ রায়।
বিধান নগরের পরিক্রমা শেষে সুজয় হাজরা প্রবেশ করেন শহরের গুরুত্বপূর্ণ এলাকা গেট বাজারে। সেখানেও দোকানদার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, সমর্থন চান এবং প্রবীণদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেন।

অন্যদিকে, শালবনি ব্লকের ৪ নম্বর বাঁকিবাঁধ অঞ্চলের ধান্যসোলে অনুষ্ঠিত হয় নির্বাচনী প্রস্তুতি সভা ও কর্মী সম্মেলন। এই সভায় দলীয় কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আসন্ন নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং বুথভিত্তিক প্রস্তুতি জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, এই ধরনের ঘনিষ্ঠ জনসংযোগ এবং কর্মিসভা আগামী দিনগুলিতেও অব্যাহত থাকবে। প্রার্থী ও কর্মীদের লক্ষ্য, সরাসরি মানুষের কাছে পৌঁছে উন্নয়নের বার্তা তুলে ধরা এবং নির্বাচনে জয় নিশ্চিত করা।

