বিপুল ভোটে জিতে নিজের জয় খড়দহবাসীকে উৎসর্গ করলেন তৃণমূল প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়

প্রতীতি ঘোষ, আমাদের ভারত, ব্যারাকপুর, ২ নভেম্বর: খড়দহ বিধানসভা কেন্দ্রে রেকর্ড ভোটে জয় লাভ করলেন তৃণমূল প্রার্থী তথা রাজ্যের কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। বিগত লোকসভা নির্বাচনের থেকে বেশি মার্জিনে জয় লাভ করলেন। ৯৩ হাজার ৮৩২ ভোটে তিনি জয়লাভ করেন।

এই নির্বাচনে তৃণমূল পেয়েছে ১১৪০৮৬, অপর দিকে বিজেপি প্রার্থী জয় সাহা পেয়েছেন ২০২৫৪ ভোট, আর ১৬১১০ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন সিপিএমের দেবজ্যোতি দাস।

প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায় জয় ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই এপিসি কলেজের বাইরে শুরু হয়ে যায় তৃণমূল কর্মী সমর্থকদের বিজয় উল্লাস। শুরু হয়ে যায় সবুজ আবীর খেলা ও মিষ্টি মুখ করা।

নিজের এই জয় প্রসঙ্গে তৃণমূল প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায় বলেন, “আমার জয় আমি খড়দাবাসীকে উৎসর্গ করছি। আমাদের কর্মীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল তার জন্য আমাদের এই জয় নিশ্চিত করা সম্ভব হয়েছে।”

তিনি বলেন, খড়দহ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে বেড়িয়ে জয় সাহা ধর্মের সুরসুরি দিয়ে রাজনীতি করতে চেয়েছিলেন। পাশাপাশি তাঁর সমর্থনে ক্রিকেটার অশোক দিন্দা বলেছিল হিন্দুদের বাঁচার লড়াইয়ের সময় এসেছে তাই বিজেপিকে ভোট দিলে হিন্দুদের ধর্ম সংস্কৃতি বাঁচবে। আজ জয়লাভ করার পরে নিউ ব্যারাকপুরের এপিসি কলেজ থেকে বেড়িয়ে কর্মীদের সঙ্গে বিজয় উল্লাসে মাতলেন শোভন দেব চট্টোপাধ্যায়। পাশাপাশি তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, অপরের ধর্মকে শ্রদ্ধা করা একজন প্রকৃত ধার্মিক মানুষের আদর্শ হওয়া উচিত তাই ধর্মের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস রাজত্ব করে না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একমাত্র দেশের মধ্যে মুখ্যমন্ত্রী তা প্রমাণ করে দিয়েছেন। তাই তাঁর আশীর্বাদে মানুষ আমাকে দু’হাত ভরে ভোট দিয়েছে।”

এদিন জয় লাভ করার পর দলীয় কর্মীদের তিনি সংযত হতে বলেন। এদিন সকল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, “কোনও ভাবেই কোনও বিজয় উল্লাস বা মিছিল করা যাবে না। বিরোধী দলের কোনও কর্মীর গায়েও কোনও রকম হাত দেওয়া যাবে না”।

তবে তৃণমূলের এই জয় প্রসঙ্গে বিজেপি প্রার্থী জয় সাহা বলেন, ” তৃণমূলের এই জয় প্রত্যাশিত। কারণ তৃণমূল ভোটের দিন আমাদের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখিয়েছে। ভুয়ো ভোটার এনে ভোট করিয়েছে। বুথের বাইরে জমায়েত করে ভোটারদের ভোট দানে বাধা দেয় তৃণমূলের গুন্ডা বাহিনী। আমাদের ভোটারদের ভোটার কার্ড নিয়ে নেওয়া হয়েছিল। এই ভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বাধা দিয়েছিল তৃণমূল। তাই ওরা জিততে পেরেছে।”

এদিন শোভন দেব চট্টোপাধ্যায়কে নিয়ে এপিসি কলেজের সামনে সবুজ আবীর খেলায় মাতেন তৃণমূল কর্মী সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *