পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ মার্চ: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমেছেন কেশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী শ্রীমতি শিউলি সাহা।
শনিবার কেশপুর বিধানসভা এলাকায় ব্যাপক উদ্দীপনার মধ্যে দিয়ে একাধিক প্রচার কর্মসূচিতে অংশ নেন তিনি। প্রথমে ৪ নম্বর অঞ্চলের নেড়াদৌউল বাজারে অনুষ্ঠিত হয় বিশাল নির্বাচনী প্রচার মিছিল ও জনসংযোগ কর্মসূচি। সেখানে স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যা ও দাবি-দাওয়া শোনেন প্রার্থী। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সমর্থনে কর্মসূচি হয়ে ওঠে প্রাণবন্ত।

এরপর ৫ নম্বর অঞ্চলের মুগবাসান বাজারেও অনুষ্ঠিত হয় আরেকটি প্রচার মিছিল ও জনসংযোগ কর্মসূচি। এলাকাবাসীর সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলার লক্ষ্যে ঘরে ঘরে পৌঁছে যান শিউলি সাহা। উন্নয়নের বার্তা তুলে ধরে তিনি সকলকে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার আহ্বান জানান।
দিনভর এই কর্মসূচিকে কেন্দ্র করে কেশপুর বিধানসভা জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করে, আসন্ন নির্বাচনে এই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।

