পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ মার্চ: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অভিনব প্রচারে নজর কাড়লেন নারায়ণগড় (২২৫) বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিভা মাইতি। এদিন ভোরবেলা “সবুজ সাথী” প্রকল্পের সাইকেল চালিয়ে প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে তিনি পাড়ায় পাড়ায় ঘুরে জনসংযোগ করেন।

মদনমোহনচক এলাকায় শুরু হয় তাঁর এই ব্যতিক্রমী প্রচার কর্মসূচি। রাজ্য সরকারের দেওয়া সবুজ সাথীর সাইকেলে তৃণমূলের পতাকা বেঁধে সাধারণ মানুষের দরজায় দরজায় পৌঁছে যান প্রার্থী। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন।

প্রচার চলাকালীন তিনি বিশেষভাবে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে রাজ্যে হওয়া উন্নয়নমূলক প্রকল্পগুলির কথা। পাশাপাশি আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আবেদন জানান তিনি।
এদিনের এই সাইকেল প্রচারকে কেন্দ্র করে এলাকায় কৌতূহল ও উৎসাহের সৃষ্টি হয়। সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তুলতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তৃণমূল প্রার্থী। তাঁর এই অভিনব প্রচার ইতিমধ্যেই স্থানীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

