পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ মার্চ: খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডে জোর কদমে নির্বাচনী প্রচারে নামলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার। সোমবার সকাল থেকেই এলাকাজুড়ে প্রচারে নেমে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে বিশেষ জোর দেন।
প্রচারের সময় দেখা যায়, ছোটদের হাতে চকলেট তুলে দিয়ে তাঁদের মুখে হাসি ফোটাতে। একই সঙ্গে বয়স্ক ভোটারদের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেন, যা এলাকাবাসীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

স্থানীয় মানুষের মধ্যে “ঘরের ছেলে” হিসেবেই প্রদীপ সরকার- এর গ্রহণযোগ্যতা বাড়ছে বলে প্রচারে দাবি করা হয়। শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন।
প্রচার চলাকালীন প্রদীপ সরকার বলেন, খড়্গপুরের মানুষ তাঁদেরই এলাকার একজনকে বিধানসভায় পাঠাতে আগ্রহী। সাধারণ মানুষের উৎসাহ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন দিলীপ ঘোষ। ফলে দুই প্রার্থীর লড়াই ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে খড়্গপুর জুড়ে।
প্রচারের শেষলগ্নে প্রদীপ সরকার জানান, তিনি এলাকাবাসীর কাছ থেকে ব্যাপক আশীর্বাদ পাচ্ছেন এবং সেই ভরসাতেই এগিয়ে চলেছেন নির্বাচনের ময়দানে।

