আমাদের ভারত, ব্যারাকপুর, ২৫ মার্চ: পানিহাটিতে বিভিন্ন মিটিং, পথসভায় বিজেপিকেই তুলোধনা করছে তৃণমূল। সংযুক্ত মোর্চার প্রার্থীর বিরুদ্ধে তেমনভাবে মুখ খুলছেন না দলের কেউ। কিন্তু তা সত্বেও বিজেপিকে কোনও ভাবেই নিজের প্রতিপক্ষ বলে মনে করছেন না উত্তর ২৪ পরগনার পানিহাটির তৃণমূল প্রার্থী তথা রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিদায়ী মুখ্য সচেতক এবং উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস পর্যবেক্ষক নির্মল ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই কথাই বললেন তিনি।
পানিহাটিতে এবার ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে সম্ময় বন্দ্যোপাধ্যায়কে, সংযুক্ত মোর্চার প্রার্থী হয়েছে কংগ্রেস জেলা সভাপতি তাপস মজুমদার। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে নিজের মনোনয়নপত্র জমা দিতে এসে নির্মল ঘোষ সংবাদ মাধ্যমকে বলেন, পানিহাটিতে তাঁর মূল প্রতিপক্ষ সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী, বিজেপি প্রার্থীর গ্রহণ যোগ্যতা নেই পানিহাটিতে।
পঞ্চমবারের জন্য তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিদায়ী মুখ্যসচেতক নির্মল ঘোষ। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে এসে তিনি তার মনোনয়ন পত্র জমা দেন। নির্মল ঘোষ বলেন, “আমার মূল প্রতিপক্ষ সংযুক্ত মোর্চার প্রার্থী। বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তিনি বিভিন্ন দল পাল্টে এসেছেন। মানুষের কাছে তাঁর গ্রহণ যোগ্যতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজই মানুষের প্রধান বিচার্য। আমি জিতলে আধুনিক পানিহাটি শহর গড়ে তুলব। দীর্ঘদিনের প্রতীক্ষিত স্টেডিয়াম গড়ে উঠবে পানিহাটি শহরে।”
সোদপুর থেকে বর্নাঢ্য শোভাযাত্রা করে কয়েকশ তৃণমূল সমর্থককে সঙ্গে নিয়ে নির্মল ঘোষ ব্যারাকপুর প্রশাসনিক ভবনে এসে নিজের মনোনয়নপত্র জমা দেন। পঞ্চম দফায় ১৭ ই এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে পানিহাটি বিধানসভা কেন্দ্রে।

