পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ এপ্রিল: আসন্ন সবং বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। সোমবার দুপুরে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সবংয়ের বুড়াল ১২ নম্বর অঞ্চলে বর্ণাঢ্য মিছিল ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন ২২৬ নম্বর সবং বিধানসভার তৃণমূল প্রার্থী ডঃ মানষ রঞ্জন ভুঁইঞা।

এদিন বুড়াল এলাকায় প্রায় ৮ কিলোমিটার পথ পায়ে হেঁটে বিশাল মিছিল করেন তিনি। মিছিলে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। প্রার্থীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটেন বিপুল সংখ্যক দলীয় কর্মী ও স্থানীয় সমর্থকরা। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে তাঁদের সমস্যার কথাও শোনেন ডঃ ভুঁইঞা।
মিছিলটি বুড়ালের বিভিন্ন এলাকা পরিক্রমা করে শেষ হয় রামভদ্রপুর হাইস্কুল মাঠে। সেখানে আয়োজিত হয় একটি পথসভা। সভা থেকে প্রার্থী আসন্ন নির্বাচনে উন্নয়নের ধারাকে বজায় রাখার আহ্বান জানান এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্য তুলে ধরেন।

ডঃ মানষ রঞ্জন ভুঁইঞা বলেন, মানুষের সমর্থন ও ভালোবাসাই তাঁদের শক্তি। আগামী নির্বাচনে সবং বিধানসভায় তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
স্থানীয় নেতৃত্বের দাবি, এই মিছিল ও জনসংযোগ কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এবং আসন্ন নির্বাচনে দলকে আরও শক্তিশালী করবে।
সব মিলিয়ে, নির্বাচনকে সামনে রেখে বুড়াল ১২ নম্বর অঞ্চলে তৃণমূলের এই কর্মসূচি রাজনৈতিক মহলে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

