আমাদের ভারত, ব্যারাকপুর, ১৪ মার্চ: রবিবাসরীয় ভোটের প্রচার জমজমাট উত্তর ২৪ পরগনার ভাটপাড়া বিধানসভা এলাকায়। ভাটপাড়া অঞ্চল অর্জুনগড় বলেই পরিচিত। বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের সেই এলাকায় রবিবাসরীয় সকালে বাড়ি বাড়ি প্রচার সারলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতু সাউ।
ভাটপাড়া অঞ্চল থেকে প্রভাবশালী তৃণমূল নেতা মদন মিত্রকে পরাজিত করে ২০১৯ সালের উপ নির্বাচনে জয়ী হয়ে ছিলেন অর্জুন পুত্র পবন সিং। বিজেপির গড় এই ভাটপাড়া এলাকা ছিনিয়ে নিতে মরিয়া তৃণমূল। এবার তৃণমূল কংগ্রেস কোনও প্রভাবশালী নেতাকে ভাটপাড়া এলাকায় প্রার্থী করেনি। এবার এই অঞ্চলে প্রার্থী করেছে স্বচ্ছ ভাবমূর্তির জিতু সাউকে। এবারও ভাটপাড়া এলাকায় প্রার্থী হওয়ার সম্ভাবনা অর্জুন পুত্র পবনের। স্বচ্ছ ভাবমূর্তির পবন সিং স্থানীয় বাসিন্দা, অন্যদিকে ব্যবসায়ী জিতু সাউও স্থানীয় তৃণমূল নেতা। ফলে ভাটপাড়া বিধানসভা এলাকায় লড়াই এবার জমজমাট।

জিতু সাউ ভাটপাড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জিলাপি মাঠ সংলগ্ন এলাকায় এদিন বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন। ভাটপাড়া এলাকায় মূল সমস্যা আইন শৃঙ্খলা জনিত। এই অঞ্চলে খুন, বোমাবাজি, রাজনৈতিক সংঘর্ষ, তোলাবাজি, ছিনতাই নিত্যদিনের ঘটনা। জিতু সাউ রবিবার সকালে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে, ভাটপাড়া এলাকায় শান্তি ফেরাতে এবার তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন।
তিনি বলেন, “মানুষ এবার এখানে তৃণমূলকে জেতাবে। বিজেপি এবং সিং পরিবারতন্ত্র এখানে চলবে না। মানুষ উন্নয়ন চায়, শান্তিতে থাকতে চায়। ভাটপাড়ার বাসিন্দারা অনেক অশান্তি দেখেছে। আমি এখানে জিতলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে, এলাকায় অশান্তি হবে না। তাই মানুষের ভালো সাড়া পাচ্ছি। এবার ভাটপাড়া কেন্দ্রে পরিবর্তন হবেই।”

