পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ মার্চ: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে শুরু হয়েছে রাজনৈতিক প্রচার। সেই ধারাবাহিকতায় আজ খড়্গপুর শহরের ১ নম্বর ওয়ার্ডে বর্ণাঢ্য প্রচার যাত্রা করলেন ২২৪ খড়্গপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী প্রদীপ সরকার।

আজকের এই প্রচার যাত্রায় দলীয় কর্মী- সমর্থকদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়। ঢাক-ঢোল, পতাকা এবং দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। প্রার্থী প্রদীপ সরকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যা ও চাহিদার কথা শোনেন এবং উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন।

প্রচার চলাকালীন তিনি বলেন, রাজ্যের উন্নয়নের স্বার্থে এবং খড়্গপুরের সামগ্রিক অগ্রগতির লক্ষ্যে তৃণমূল সরকার যেভাবে কাজ করে চলেছে, তা আগামী দিনেও অব্যাহত থাকবে। তিনি সকলের কাছে সমর্থন ও আশীর্বাদ প্রার্থনা করেন।

স্থানীয় নেতৃত্বের দাবি, এই প্রচার যাত্রায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করছে যে, আগামী নির্বাচনে খড়্গপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হবে।

উল্লেখ্য, ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার কার্যক্রম। খড়্গপুর শহর এখন কার্যত নির্বাচনী উন্মাদনায় মেতে উঠেছে।

