TMC, Narayangarh, নারায়ণগড়ে তৃণমূল প্রার্থীর জোরকদমে প্রচার, বাড়ি বাড়ি পৌঁছে ভোটের আবেদন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ এপ্রিল: সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ২২৫ নম্বর নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিভা রানি মাইতি জোরকদমে নির্বাচনী প্রচারে নামেন। এদিন তিনি নারায়ণগড় বিধানসভার অন্তর্গত ১০ নম্বর রানিসরাই গ্রাম পঞ্চায়েতের নহপাড়, ডগরা বুথ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন।

প্রচার শুরুর আগে স্থানীয় মনসা মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ গ্রহণ করেন প্রার্থী। এরপর তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীক ‘ঘাসের উপর জোড়াফুল’-এ ভোট দেওয়ার আবেদন জানান। আগামী ২৩ এপ্রিলের নির্বাচনে তাঁকে সমর্থন করার আহ্বান জানান তিনি।

প্রার্থীর এই প্রচারে এলাকাবাসীর মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। বহু মানুষ তাঁকে স্বাগত জানান এবং তাঁর ডাকে সাড়া দেওয়ার আশ্বাস দেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও চাহিদার বিষয়েও খোঁজখবর নেন প্রতিভা রানি মাইতি।

এদিন প্রার্থীর সঙ্গে প্রচারে উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভা নির্বাচন কমিটির সদস্য তথা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সহ-সভাপতি অখিলবন্ধু মহাপাত্র, স্থানীয় তৃণমূল নেতা কালীপদ দাস, মানস ঘোষ সহ অন্যান্য কর্মী- সমর্থকরা।

প্রার্থীকে কাছে পেয়ে খুশি এলাকার মানুষ। তাঁদের আশা, আগামী দিনে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন প্রতিভা রানি মাইতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *