গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২২
মার্চ: যে অঞ্চলের মানুষ বেশি ভোট দিয়ে সমর্থন করবেন, সেখানে ১ কোটি টাকার ভেন্টিলেটর অ্যাম্বুলেন্স দেবো। গোঘাটের কুমারগঞ্জে আদিবাসী অধ্যুষিত এলাকায় ভোটপ্রচারে বেরিয়ে এমনই প্রতিশ্রুতি দিতে দেখা গেল তৃণমূল প্রার্থী নির্মল মাঝিকে। এদিন গোঘাটের কুমারগঞ্জ এলাকায় প্রচার চলাকালীন প্রায় এক হাজার আদিবাসী, তফসিলি উপজাতি মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলেও গোঘাটের চিকিৎসক তৃণমূল প্রার্থী দাবি করেন।
এদিন প্রচার চলাকালীন আদিবাসী সম্প্রদায়ের ভোটারদের সঙ্গে তাল মিলিয়ে ধামসা মাদল বাজাতে দেখা যায় প্রার্থীকে। তৃণমূল প্রার্থী নির্মল মাঝিকে পেয়ে যেন এলাকার মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তৃণমূল প্রার্থী আরও বলেন, গোঘাট বিধানসভায় জিতলে বাড়িতে বাড়িতে জলের ব্যাবস্থা করবো। হাসপাতাল তৈরি করবো, প্রত্যেক পঞ্চায়েতে অ্যাম্বুলেন্স দেব। যাতে কোনো গরিব মানুষকে অসুবিধায় না পড়তে হয় তার জন্য। পাশাপাশি নতুন করে গোঘাট বিধানসভাকে সাজিয়ে তোলার কোথাও বলেন তিনি।

