বিস্ফোরক মজুদ রাখার অভিযোগে নলহাটিতে গ্রেফতার তৃণমূল প্রার্থী তথা পাথর ব্যবসায়ী মনোজ কুমার ঘোষ

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ১০ জুলাই: অবৈধভাবে বিস্ফোরক মজুদ রাখার অভিযোগে গ্রেফতার করা হল বীরভূমের পাথর ব্যবসায়ীর তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোজ কুমার ঘোষকে। সোমবার এনআইএ তাকে গ্রেফতার করে। এদিন নলহাটি থানায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকা হয়। এনআই-এর তদন্তকারী আধিকারিকদের জেরায় অসঙ্গতি থাকায় তাকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, চলতি বছরের ২৮ জুন নলহাটি থানার বাহাদুরপুর গ্রামে পাথর ব্যবসায়ী মনোজ কুমার ঘোষের বাড়ি ও অফিসে হানা দেয় এনআইএর তদন্তকারী আধিকারিকরা। সেইদিন তার অফিস ঘর থেকে উদ্ধার করা হয় বিস্ফোরক। ঘটনার পর পলাতক ছিলেন মনোজ কুমার ঘোষ নামে ওই পাথর ব্যবসায়ী। এদিন দুপুরে নলহাটি থানায় পৌঁছায় এনআইএ’র আধিকারিকরা। সেখানে মনোজ কুমার ঘোষ ছাড়াও বেশ কয়েকজন পাথর ব্যবসায়ীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই তাকে গ্রেফতার করে এনআইএর আধিকারিকরা।

মনোজ কুমার ঘোষ এবার নলহাটি ১ নম্বর ব্লকের বানিওর গ্রাম পঞ্চায়েতের ২১ নম্বর আসনে তৃণমূলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অভিযোগ, মনোজের হুমকিতে এবার বেশ কয়েকজন বিজেপি প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য হয়। ফলে তার গ্রেফতারে খুশি বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *