স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৮ আগস্ট: ত্রিপুরায় রাজ্যের যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত এবং সুদীপ রাহার উপর বিজেপি কর্মীদের হামলা ও বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে সারা রাজ্যের সাথে উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরেও বিক্ষোভ দেখিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কুশপুত্তলিকা দাহ করল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। রায়গঞ্জ শহরের ঘড়িরমোড়ে এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মাদ্রাসা বিষয়ক সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানি, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, করণদিঘির বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল, হেমতাবাদের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বর্মন সহ রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার সহ তৃণমূল কংগ্রেসের জেলা শীর্ষ নেতৃত্ব ও তৃণমূল কর্মীরা।

উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসকে ভয় দেখিয়ে আক্রমণ করে আটকানো যাবে না। ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবেই।


