পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৪ আগস্ট: বিজেপি, সিপিএম ও কুড়মিদের কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ঝাড়গ্রাম জেলার ৮টি পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। এবার বাকি ঝাড়গ্রাম জেলা পরিষদ।
সোমবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম, জামবনি, সাঁকরাইল, নয়াগ্রাম, গোপীবল্লভপুর ১, গোপীবল্লভপুর ২, বিনপুর ১, বিনপুর ২ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হয়। ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির ৩২টি আসনের মধ্যে ২৫ টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল এবং একটি আসনে সিপিআইএম ও ৬টি আসনে জয়লাভ করেছিল নির্দলরা। বোর্ড গঠনের সময় তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় বোর্ড গঠন করে তৃণমূল। পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন দেবব্রত সাহা এবং সহ-সভাপতি নির্বাচিত হয় বন্দনা শিট। জামবনি পঞ্চায়েত সমিতির ২৪টি আসনের মধ্যে ২৩টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল ও একটি আসনে জয়লাভ করেছিল নির্দল। এদিন বোর্ড গঠন করে তৃণমূল। সভাপতি নির্বাচিত হয় মধুসূদন মুর্মু এবং সহ-সভাপতি নির্বাচিত হয় সুপ্রিয়া হেমব্রম।
নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির ২৯টি আসনের মধ্যে ২৮টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল ও একটি আসনে জয়লাভ করেছিল বিজেপি। বোর্ড গঠন করে তৃণমূল। সভাপতি নির্বাচিত হয় রূপা বেরা এবং সহ-সভাপতি নির্বাচিত হয় একাদশী মান্ডি। সাঁকরাইল পঞ্চায়েত সমিতির ২৫টি আসনের মধ্যে ২৩টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল এবং দুটি আসনে জয়লাভ করেছিল বিজেপি। বোর্ড গঠন করে তৃণমূল। সভাপতি নির্বাচিত হয় ঝুনু বেরা এবং সহ-সভাপতি নির্বাচিত হয় যাজনেশ্বর মাহাতো।
গোপীবল্লভপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির ২০টি আসনের মধ্যে ২০টি আসনেই জয়লাভ করেছিল তৃণমূল। এদিন বোর্ড গঠনে তৃণমূলের পক্ষ থেকে সভাপতি নির্বাচিত হন শেফালী মুর্মু মান্ডি এবং সহ-সভাপতি নির্বাচিত হয় সত্যরঞ্জন বারিক। গোপীবল্লভপুর দু’নম্বর পঞ্চায়েত সমিতির ২০টি আসনের মধ্যে ১৭টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল, ২টি আসনে বিজেপি এবং একটি আসনে নির্দল জয়লাভ করেছিল। সভাপতি নির্বাচিত হন সর্বাণী অধিকারী এবং সহ-সভাপতি নির্বাচিত হন সুশোভন নায়েক।
বিনপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির ৩০টি আসনের মধ্যে ২৮টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল এবং ২টি আসনে বিজেপি। এদিন বোর্ড গঠন করে তৃণমূল। সভাপতি নির্বাচিত হন বন্দনা আখুলি এবং সহ সভাপতি নির্বাচিত হন নন্দদুলাল মন্ডল। বিনপুর দু’নম্বর পঞ্চায়েত সমিতির ৩০টি আসনের মধ্যে ২৮টি আসনের জয়লাভ করেছিল তৃণমূল, একটি আসনে বিজেপি এবং আরেকটি আসনে নির্দল। এদিন বিনপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করে তৃণমূল। সভাপতি নির্বাচিত হন বিকাশ সিং সর্দার এবং সহ-সভাপতি নির্বাচিত হন আনুশ্রী কর।
ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত সাহা শপথ বাক্য পাঠ করার পর তিনি বলেন, “আগামী পাঁচ বছর মানুষের জন্য কাজ করার দায়িত্ব পেলাম। এখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা মানুষের সমস্যার কথা নিয়ে আসবে আর আমরা সেইগুলিকে সমাধান করব।” তিনি আরও বলেন, “এই জয় জনগণের জয়, মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়।”

