পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২২ আগষ্ট: সম্প্রীতির উৎসবে মানুষের কাছে পৌঁছতে মরিয়া প্রায় সকলেই। বিশেষ করে এই দিনটি যেন রাজনৈতিক দলগুলির কাছে একটা প্রতিযোগিতা। রবিবার সকাল থেকে এমনই এক চিত্রের দেখা মিলল বালুরঘাটে।
এদিন সকাল থেকে রাখীপূর্ণিমা ঘিরে নিজ নিজ দলের প্রচারে বিভিন্ন কায়দায় মাঠে নামেন রাজনৈতিক নেতারা। বিশেষ করে বালুরঘাট শহরে এদিন এই সম্প্রীতির উৎসব কে সামনে রেখে মানুষের কাছে পৌঁছানোর জন্য কোমর বেধে নামতে দেখা যায় তৃণমূল ও বিজেপির মহিলা সংগঠনকে। বিজেপির বালুরঘাট টাউনের মহিলা মোর্চার পক্ষ থেকে বালুরঘাট থানার পুলিশ ও পথচারীদের রাখি পরানো হয়। যেখানে উপস্থিত ছিলেন বালুরঘাট টাউন মহিলা মোর্চার সভানেত্রী সংঘমিত্রা রায় সহ অনান্য নেতৃত্ব।
অন্যদিকে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের তরফেও সাড়ম্বরে পালন করা হয় রাখি বন্ধন উৎসব। পথচারী থেকে হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্য কর্মী ও পুলিশ সহ কোভিড যোদ্ধাদের রাখি পরিয়ে দেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী।

